রাত জাগার প্রহর শুরু! শাকিরা-নোরা-বার্নার জাদুতে রঙিন মেক্সিকো, ফুটবলে মাতল বিশ্ব

চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফের ফুটবল উৎসবে মাতল বিশ্ব। বৃহস্পতির মধ্যরাতে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। আগামী দেড় মাস ৪৮টি দেশের সেরা ফুটবলারদের লড়াই সাক্ষী থাকবে গোটা বিশ্ব।

বিশ্বকাপের মঞ্চ মানেই শাকিরার উপস্থিতি, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। হলুদ-বেগুনি-সাদা পোশাকে মঞ্চ কাঁপালেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তাঁর সঙ্গে সুর মেলালেন নাইজেরিয়ান সুপারস্টার বার্না বয়। দুজনে একসঙ্গে পরিবেশন করলেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। অন্যদিকে, টরন্টো ফিফা ফ্যান ফেস্টিভ্যালে নিজের নতুন গান ‘সির সির’ নিয়ে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি।

মেক্সিকোর স্থানীয় সংস্কৃতি এবং আধুনিকতার মেলবন্ধনে সাজানো হয়েছিল এই উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল এবং সঙ্গীতের এই যুগলবন্দী দেখে মুগ্ধ বিশ্ব। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়েই মূলত ফুটবল যুদ্ধের ঢাকে কাঠি পড়ল। যদিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, তবুও গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা যৌথভাবে আয়োজন করছে এবারের এই মহাযজ্ঞ। এখন দেখার, এই দেড় মাসের ফুটবল লড়াইয়ে শেষ হাসি হাসে কোন দল!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy