‘দাদার টাকা চাই না, দিদিকেই চাই!’ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে ধুন্ধুমার ধূপগুড়িতে

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মহিলারা। জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে বিক্ষোভের পাশাপাশি ধূপগুড়িতে পথ অবরোধ করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। এই ঘটনায় দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঠিক কী অভিযোগ মহিলাদের?
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় বিপাকে পড়েছেন উপভোক্তারা। এর প্রতিকার চেয়ে প্রথমে ধূপগুড়ি পুরসভায় গিয়ে ক্ষোভ উগড়ে দেন মহিলারা। কিন্তু সেখানে সমস্যার কোনো স্থায়ী সমাধান না মেলায় তাঁরা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই ক্ষুব্ধ মহিলারা রাজপথে নেমে পথ অবরোধ শুরু করেন।
অবরোধ চলাকালীন মহিলাদের মুখে স্লোগান শোনা যায়, ‘দাদার টাকা চাই না, আমরা দিদিকেই চাই’। দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ চলায় রাস্তার দুই ধারে বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।