রাতের অন্ধকারে দেড় বছরের শিশুকে অপহরণ, মাত্র ৪৫ হাজার টাকায় বিক্রি! দিল্লি পুলিশ উদ্ধার করল উত্তরপ্রদেশ থেকে, গ্রেপ্তার ৪

রাজধানী দিল্লিতে ঘটল এক চাঞ্চল্যকর শিশু অপহরণের ঘটনা। রাতের অন্ধকারে ফুটপাত থেকে দেড় বছরের এক শিশুকে অপহরণ করে মাত্র ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল। তবে দ্রুত অভিযান চালিয়ে মাত্র দু’দিনের মধ্যেই সেই অপহৃত শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, রাজস্থান থেকে স্ত্রী, সন্তান নিয়ে দিল্লির দেশবন্ধু রোডের একটি মেলায় হস্তশিল্প সামগ্রী বিক্রি করতে এসেছিলেন মুকেশ। গত ২৪ সেপ্টেম্বর রাতে গঙ্গা রাম হাসপাতালের সামনের ফুটপাতেই পরিবার-সহ ঘুমিয়ে পড়েন তাঁরা। সকালে উঠে দেখেন, তাঁদের দেড় বছরের শিশুসন্তান নেই!

অপহরণের পর ৪৫ হাজারে বিক্রি
মুকেশের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ শিশুটির উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে। দু’দিনের মধ্যেই অপহৃত শিশুটির খোঁজ মেলে উত্তরপ্রদেশের মাহোবাতে। সঙ্গে সঙ্গে পুলিশবাহিনী সেখানে পৌঁছে রবিবার শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। একই সঙ্গে এই ঘটনায় ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, ২৪ সেপ্টেম্বর ভোর ৪টে নাগাদ বাইকে করে দুজন আসে এবং কারোল বাগ এলাকার পুশা রোড থেকে শিশুটিকে অপহরণ করে। এরপর রাজধানীর একাধিক জায়গা ঘুরে ৫৪ বছর বয়সী সন্তোষ শ্রীবাসের কাছে ৪৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেয় অপহরণকারীরা।

১ লক্ষ টাকার লোভে ষড়যন্ত্র
পুলিশ জানিয়েছে, শিশুটির ক্রেতা সন্তোষ শ্রীবাসের আগে থেকে দুটি কন্যা সন্তান ছিল। তার পুত্রসন্তানের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ছিল এবং সে অপহরণকারীদের ১ লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি ছিল বলে অভিযুক্তরা জানায়। এই আশ্বাসের ভিত্তিতেই অভিযুক্তরা শিশু-অপহরণের ষড়যন্ত্র করে।

ঘটনায় অনন্ত, রাজু, সাহিল কুমার সহ আরও এক ১৭ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেন্ট্রালের ডেপুটি কমিশনার অফ পুলিশ নিধিন ভালসান জানান, ক্রেতা শ্রীবাস শিশুটিকে নিজের ছেলের মতো বড় করতে চেয়েছিল। তবে সিসিটিভি ক্যামেরায় বাইকের নম্বর প্লেট দেখেই শেষ পর্যন্ত অপহরণকারীদের ট্র্যাক করা সম্ভব হয়।

এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার অপরাধে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং দেড় বছরের শিশুটি নিরাপদে তার পরিবারের কাছে ফিরে যাওয়ায় স্বস্তি ফিরেছে।