দীপাবলির রাতে আদালতের নির্দেশ ও সময়সীমার তোয়াক্কা না-করে রাজ্যজুড়ে চলল নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব। রাত বাড়তেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বেড়েছে ‘শব্দদানবের’ দৌরাত্ম্য। এর পরিপ্রেক্ষিতে, কলকাতা পুলিশ দীপাবলির রাতেই কড়া পদক্ষেপ নিয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে আইন লঙ্ঘনের অভিযোগে কলকাতায় মোট ৬৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বাজি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন ১৮৩ জন। অভব্য আচরণের অভিযোগে ৪৫১ জন এবং জুয়া খেলার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে, পুলিশ অভিযানে বাজেয়াপ্ত করেছে ৮৫২.৪৫ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬৮ লিটার মদ। এছাড়াও, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৮৮২ জনকে।
‘গতবারের তুলনায় দূষণ কম’ দাবি সিপি-র
শব্দ-সন্ত্রাসের বিষয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, “গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম থাকলেও, একাধিক এলাকা থেকে এ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে।” তিনি আরও জানান, “১০০-এরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
যদিও কমিশনার দূষণ কম হওয়ার দাবি করলেও, গতবারের মতো না হলেও, এ বছরও আলোর উৎসবে শব্দবাজির দাপটে কান ঝালাপালা হওয়া থেকে রক্ষা পাননি রাজ্যবাসী। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট সময়ে সবুজ বাজিতে ছাড় থাকলেও, নিষিদ্ধ শব্দবাজির আওয়াজেই আতঙ্ক ছড়ায় অনেক এলাকায়।
তবে এত বিপুল সংখ্যক গ্রেফতার ও নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা থেকেই স্পষ্ট যে, কালীপুজোর রাতে আইন লঙ্ঘনের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছিল।