২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বাংলায় প্রশাসনিক রদবদল নিয়ে কার্যত ‘হন্টার’ চালাচ্ছে নির্বাচন কমিশন। ডিজিপি এবং পুলিশ কমিশনারদের সরানোর পর এবার এক ধাক্কায় ৫ জন ডিআইজি (DIG) এবং ১৩ জন জেলাশাসককে (DM) বদল করল কমিশন। বুধবার জারি করা এই নির্দেশিকায় উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রেঞ্জ ও জেলার প্রশাসনিক শীর্ষস্তরে ব্যাপক রদবদল করা হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মুর্শিদাবাদের ডিআইজি অজিত সিং যাদব, রায়গঞ্জের রাঠোর অমিত কুমার ভরত এবং বর্ধমানের ডিআইজি শ্রীহরি পান্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদ যাননি প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বাউরি ও জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি অঞ্জলী সিং-ও। জেলাশাসক স্তরেও এসেছে বড় পরিবর্তন। উত্তর দিনাজপুর, মালদহ, নদিয়া, উত্তর ও দক্ষিণ কলকাতা, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের মতো গুরুত্বপূর্ণ জেলার ডিএম-দের সরিয়ে দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া রনধীর কুমার, স্মিতা পাণ্ডে এবং আর অর্জুনের মতো আধিকারিকরা এর আগে রোল অবজার্ভার হিসেবে কমিশনের অধীনে কাজ করেছেন।
এই গণবদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিদায়ী মন্ত্রী শশী পাঁজা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বিজেপি সিবিআই-ইডি-র পর এবার আইএএস-আইপিএসদের মধ্যে বিভাজন তৈরি করছে। এটা অত্যন্ত অসম্মানজনক।” অন্যদিকে, বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার পাল্টা তোপ দেগে বলেন, “যাঁরা প্রশাসনে ছিলেন তাঁরা সরকারের হয়ে কাজ করছিলেন। আরজি করের তথ্য প্রমাণ লোপাটই তার বড় প্রমাণ।” সব মিলিয়ে ভোটের মুখে প্রশাসনের এই খোলনলচে বদলে ফেলা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়।