রাজ্য থেকে কবে বিদায় নিচ্ছে বর্ষা? পুজো ও উৎসবের মরশুমের আগে আবহাওয়া নিয়ে বড় আপডেট!

আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬। রাজ্য থেকে বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হলেও পুজোর মুখে আবহাওয়ায় মিশ্র পরিস্থিতি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী একদিনের মধ্যে বিহার ও ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। তবে পশ্চিমবঙ্গ থেকে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হবে।

আজ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পাহাড়ি এলাকাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আশার কথা হলো, আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটছে না। আবহাওয়াবিদরা জানাচ্ছে, বর্ষা বিদায়ের এই সন্ধিক্ষণে আবহাওয়ায় সাময়িক এই পরিবর্তন স্বাভাবিক এবং দুর্গাপুজোর আগে আবহাওয়া আরও শুষ্ক ও মনোরম হওয়ার সম্ভাবনা রয়েছে।