‘রাজ্যসভার আসন ছাড়ার কী প্রতিদান…’, ডিলিমিটেশন বিল নিয়ে নতুন সমীকরণ, ধাক্কা INDIA জোটে?

ডিলিমিটেশন বা লোকসভা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র সম্ভাব্য অবস্থান বদলকে কেন্দ্র করে জাতীয় ও মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিলে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে এনসিপি (এসপি) বলে খবর ছড়িয়েছে। আর তাতেই তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মহারাষ্ট্র কংগ্রেস। চলতি বছরের শুরুতে শরদ পাওয়ারকে রাজ্যসভায় ফেরানোর জন্য নিজেদের আসন ছেড়ে দেওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রকাশ্যেই শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। অন্যদিকে, বিলে সমর্থনের বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় সুপ্রিয়া সুলের জন্য পূর্ণমন্ত্রীর পদ এবং মহারাষ্ট্রেও একাধিক মন্ত্রিত্ব চাওয়া হচ্ছে বলে সূত্রের দাবি, যদিও দলীয়ভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগেই সংখ্যার অঙ্ক কষে সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা চলছে। লোকসভায় এনসিপি (এসপি)-র আটজন সাংসদ রয়েছেন। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার হিসেব কষতে গেলে এই সাংসদদের সমর্থন তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

কেন এই জল্পনা, কী কী দাবি? সূত্রের খবর অনুযায়ী, ডিলিমিটেশন বিলে সমর্থনের প্রশ্নে মোদী মন্ত্রিসভায় সুপ্রিয়া সুলেকে পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার দাবি তুলেছে এনসিপি (এসপি)। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বাধীন সরকারেও দু’টি পূর্ণমন্ত্রীর পদ চাওয়া হয়েছে বলে খবর। এর মধ্যে জয়ন্ত পাটিলের হাতে অর্থ দপ্তর এবং জিতেন্দ্র আওহাদকে অন্য একটি দপ্তর দেওয়ার কথা আলোচিত হচ্ছে। এছাড়া দলের অন্যান্য নেতাকে জায়গা করে দিতে দু’টি প্রতিমন্ত্রীর পদও চাওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে সুপ্রিয়া সুলেকে বসানোর জল্পনা তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন। তাঁর যুক্তি, রাজ্য বিধানসভায় এনসিপি (এসপি)-র বিধায়ক সংখ্যা মাত্র ১০। সাম্প্রতিক সময়ে নির্বাচনী অনিয়মের অভিযোগে বিরোধী জোটের আন্দোলনে সক্রিয় থাকা সুপ্রিয়ার নাম ঘিরে মোদী মন্ত্রিসভায় যোগদানের এই চর্চা রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

কংগ্রেসের অস্বস্তি ও শরদ পাওয়ারের ফোন এই সম্ভাব্য সমীকরণে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শারীরিকভাবে অসুস্থ শরদ পাওয়ার ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ফোন করে নিজেদের দলের ‘বাধ্যবাধকতা’র কথা জানিয়েছেন। তাঁর দাবি, ডিলিমিটেশন বিলে সমর্থন না দিলে দলে ভাঙন ধরতে পারে, তাই দলের ঐক্য বজায় রাখতেই এই অবস্থান।

এদিকে শনিবারের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিচ্ছেন না সুপ্রিয়া সুলে। বাবার অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জানিয়েছেন, সোমবার সরাসরি দিল্লি গিয়ে সংসদের অধিবেশনে যোগ দেবেন। সূত্রের খবর, ওই বৈঠকে এনসিপি (এসপি)-র কোনও সাংসদ থাকবেন না।

রাজ্যসভার পুরোনো সমীকরণ মনে করিয়ে কংগ্রেসের খোঁচা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলেকে নিশানা করেছে মহারাষ্ট্র কংগ্রেস। তাদের বক্তব্য, ২০২৬ সালের মার্চে মহারাষ্ট্রের সাতটি রাজ্যসভা আসনের নির্বাচনে এনসিপি (এসপি)-র হাতে ছিল মাত্র ১০ জন বিধায়ক, যেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬টি ভোট। তখন কংগ্রেসের ১৬ এবং উদ্ধব ঠাকরের শিবসেনার ২০ জন বিধায়ক ছিলেন। সুপ্রিয়া নিজে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের কাছে বাবার প্রার্থিপদে সমর্থন চেয়েছিলেন এবং কংগ্রেস নিজেদের আসনের দাবি ছেড়ে শরদ পাওয়ারকে সমর্থন করেছিল বলে দাবি মহারাষ্ট্র কংগ্রেসের।

মহারাষ্ট্র কংগ্রেসের প্রশ্ন, কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) ও মহাবিকাশ আঘাড়ির সমর্থনে শরদ পাওয়ারের রাজ্যসভার পথ সুগম হয়েছিল, আর এখন ডিলিমিটেশন বিলের প্রেক্ষাপটে এনসিপি (এসপি) বিজেপির দিকে ঝুঁকছে।

প্রস্তাবিত বিলে লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছে—যার মধ্যে রাজ্যগুলির জন্য ৮১৫ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসনের প্রস্তাব রয়েছে। কংগ্রেসের অভিযোগ, নতুন জনগণনা ছাড়াই এই পুনর্বিন্যাসের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে বিজেপি। এই আবহে এনসিপি (এসপি)-র সম্ভাব্য অবস্থান বদল বিরোধী জোটের সমীকরণে বড় ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।