ডিলিমিটেশন বিল পেশের প্রস্তুতি? ‘দাঁতে দাঁত চেপে লড়াই’ রাহুলের, চাপে বিরোধী জোট!

আগামী সপ্তাহের শুরুতেই শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। আর সেখানেই ডিলিমিটেশন বিল পেশ হতে চলেছে বলে খবর। এই বিলকে ঘিরে এবার সর্বশক্তি দিয়ে লড়াইয়ের পথে হাঁটছে কংগ্রেস। বিলের বিরোধিতায় ‘দাঁতে দাঁত চেপে লড়াই’ করার বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু বিল বিরোধিতাই নয়, এই ইস্যুতে বিরোধী জোট INDIA-র সমীকরণেও বদল আসতে পারে বলে ইঙ্গিত মিলছে। সংসদে কোন দল কী অবস্থান নেয়, তার ওপরেই নির্ভর করবে জোটের ভবিষ্যৎ সম্পর্ক।

কংগ্রেসের অভিযোগ, মহিলা সংরক্ষণ কার্যকর করা সরকারের মূল লক্ষ্য নয়। তার বদলে সংসদের বিশেষ অধিবেশনকে ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের বিল পাশ করানোর কাজে ব্যবহার করতে চাইছে মোদী সরকার। কংগ্রেসের দাবি, এর পেছনে সরকারের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। লোকসভায় ‘কৃত্রিমভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা’ নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে অভিযোগ তাদের।

দলীয় সূত্রে খবর, কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, সংসদে সংখ্যার দিক থেকে বিরোধীরা পিছিয়ে থাকলেও এই বিলের বিরুদ্ধে লড়াই থামবে না। বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টাও চলবে।

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাসভবনে বসেছিল দলের Parliamentary Strategy Group-এর বৈঠক। সেখানে রাহুলের দাবি, রাজনৈতিক স্বার্থেই ফের এই বিল আনার চেষ্টা করছে সরকার। আগেও কংগ্রেস এই বিলের বিরোধিতা করেছিল, এবারও তা রুখতে সবরকম চেষ্টা করা হবে।

বৈঠকে রাহুল গান্ধী বলেন, বিলটি আটকাতে শেষ পর্যন্ত লড়াই চলবে। আগের মতো এবারও সর্বশক্তি দিয়ে বিরোধিতা করা হবে এবং বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনার চেষ্টা হবে। তবে প্রত্যেক দলের নিজস্ব অবস্থানের ওপর অনেক কিছু নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্রের খবর, বিরোধীদের একজোট করার ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছেন রাহুল গান্ধী। বিশেষ করে ডিএমকে, সমাজবাদী পার্টি এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠীর ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তবে ডিলিমিটেশন ইস্যুতে বিরোধী জোটের কোনও শরিক আলাদা অবস্থান নিলে তার প্রভাব INDIA জোটের ওপরেও পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। দলের এক প্রবীণ নেতার বক্তব্য, শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠী যদি এই বিলের পক্ষে ভোট দেয়, তাহলে তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হতে পারে কংগ্রেসকে। ওই নেতার মতে, ডিলিমিটেশন নিয়ে আগের অবস্থান থেকে সরে এলে জোটে থাকা সম্ভব নয়।

সোনিয়া গান্ধীর বাসভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী সহ দলের একাধিক শীর্ষ নেতা। বৈঠকে আরও একটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস। আগামী ৩০ নভেম্বর লোকসভায় সংবিধান সংশোধনী বিলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা থাকলেও এখনও সাংসদদের হাতে খসড়া বিল পৌঁছয়নি বলে অভিযোগ তাদের। কংগ্রেসের দাবি, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের প্রস্তুতি চললেও বিরোধী সাংসদদের অন্ধকারে রাখা হচ্ছে।