গোয়ার পর এবার পশ্চিমবঙ্গ, ফের প্রশ্নের মুখে বিসলেরির জলের গুণমান! কী মিলল পরীক্ষায়?

ফের নতুন করে বিতর্কে জড়াল জনপ্রিয় পানীয় জল প্রস্তুতকারী সংস্থা বিসলেরি। দিনকয়েক আগেই গোয়ার কারখানার নমুনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার একেবারে পশ্চিমবঙ্গে বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। রাজ্যের জলপাইগুড়ি জেলার তেলিপাড়া গ্রামে অবস্থিত বিসলেরির উৎপাদন কারখানা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় এই তথ্য সামনে এসেছে।
পরীক্ষার রিপোর্টে জানা গিয়েছে, ওই জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে। প্রাথমিক পরীক্ষাগার এবং রেফারেল ফুড ল্যাবরেটরি—উভয় জায়গাতেই পরীক্ষার পর এই ফলাফল নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নর্দমার জল চুঁইয়ে পড়া বা পাইপের ক্ষতির মতো একাধিক কারণে জল সরবরাহ ব্যবস্থায় এই ধরনের ব্যাকটেরিয়া মিশে যেতে পারে।
অভিযুক্ত নমুনাটি PB 201 ব্যাচের অন্তর্গত ছিল। পরীক্ষায় ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই ২০২৬ সালের ১২ অগস্ট ওই নির্দিষ্ট ব্যাচের জল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ঘটনায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬-এর আওতায় বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা FSSAI।
এর আগেও গোয়ায় বিসলেরির উৎপাদন কারখানা থেকে সংগ্রহ করা প্যাকেটজাত পানীয় জলের নমুনা নিয়ে সংস্থার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছিল FSSAI। সংস্থাটির তরফে জানানো হয়েছিল, গোয়ার ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি ছিল এবং পরে রেফারেল ল্যাবরেটরির পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের (PAHs) উপস্থিতিও ধরা পড়ে।
যদিও গোয়ার ঘটনা প্রসঙ্গে বিসলেরির তরফে দাবি করা হয়েছিল যে তাদের প্যাকেটজাত পানীয় জল সম্পূর্ণ নিরাপদ। সংস্থার বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর গোয়ার কারখানা থেকে নেওয়া ছয়টি নমুনার মধ্যে পাঁচটিই সমস্ত মানদণ্ড পূরণ করেছিল এবং শুধুমাত্র একটি নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া গিয়েছিল, যেখানে নির্ধারিত সীমা ১০ মাইক্রোগ্রাম। পাশাপাশি তারা এও দাবি করেছিল যে FSSAI-এর তরফে কোনও নোটিস তারা পায়নি এবং পরবর্তী পরীক্ষায় ব্রোমেটের মাত্রা স্বাভাবিকই ছিল। তবে এবার জলপাইগুড়ির ঘটনায় সংস্থার ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।