ইসলামপুরের নাম ‘ঈশ্বরপুর’ করার দাবিতে তুঙ্গে বিতর্ক, ব্যানার ঘিরে সরব রাজনীতি

উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার দাবিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি ও জনজীবন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি ইসলামপুরে প্রবেশের পথেও ‘ঈশ্বরপুর শহরে আপনাকে স্বাগতম’ লেখা ব্যানার ও পোস্টার লাগিয়ে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এই কর্মসূচির মাধ্যমে শহরের নাম পরিবর্তনের পাশাপাশি ইসলামপুরকে পৃথক জেলা হিসেবে গড়ে তোলার দাবিও তোলা হয়েছে। এই দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপিও। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা, যেখানে নাম পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলেছে সিপিএম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা শহরের বাস টার্মিনাস, শ্রীকৃষ্ণপুর ও অলিগঞ্জ এলাকায় এই ব্যানার ও পোস্টার লাগান। পাশাপাশি শহরে ঢোকার বিভিন্ন পথে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারেও পোস্টার লাগানো হয়। শহরের প্রবেশপথে হঠাৎ এমন ব্যানার ও পোস্টার চোখে পড়ায় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে ইসলামপুরে এক জনসভায় নাম বদলে ঈশ্বরপুর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সভাপতি নিতিন নবীন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ফের শহরের প্রবেশপথে এই ধরনের প্রচার নতুন মাত্রা যোগ করেছে এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে চর্চা শুরু হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের ইসলামপুর সাংগঠনিক জেলার সম্পাদক শশাঙ্ক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, শহরের নাম ঈশ্বরপুর করার পাশাপাশি তাঁরা এলাকাটিকে পৃথক জেলা হিসেবে দেখতে চান। তাঁর মতে, প্রশাসনের কাছে এই বিষয়ে তাঁদের প্রত্যাশা রয়েছে এবং নতুন জেলা গঠনের পাশাপাশি স্থানীয়ভাবে কুটির শিল্প গড়ে উঠলে কর্মসংস্থান বাড়বে। অন্যদিকে, বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ বিশ্বাস দাবি করেছেন, অতীতে এই স্থানের নাম ঈশ্বরপুর ছিল এবং সেখান থেকেই ইসলামপুর হয়েছে। জেলা বিজেপি চায় পুরনো নাম ফিরিয়ে এনে শহরের নাম ঈশ্বরপুর করা হোক।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানিয়েছেন, দলগতভাবে তাঁরা নাম পরিবর্তনের এই দাবিকে সমর্থন করছেন না। প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা গৌতম বর্মনও। তাঁর বক্তব্য, শহরের নাম বদলালে সাধারণ মানুষের কী উপকার হবে। তিনি অভিযোগ করেছেন, মানুষের প্রকৃত সমস্যা ও জীবিকা থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে এবং এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নাম বদল ও নতুন জেলার দাবিকে ঘিরে ইসলামপুরে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই তীব্র হচ্ছে।