কিং সিনেমায় ফিরল শাহরুখ-করিনার পুরনো যাদু! ড্যাডি কুলের নতুন চমকে মাতোয়ারা নেটদুনিয়া

১৯৭৬ সালে বনি এম ব্যান্ডের ‘ড্যাডি কুল’ গানটি বিশ্বজুড়ে ডান্স ফ্লোর মাতিয়েছিল। প্রায় পাঁচ দশক পর সেই কালজয়ী গানের আধুনিক হিন্দি-ইংলিশ রিমেক ‘কিং’ সিনেমার হাত ধরে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। শচীন-জিগরের সুরে এবং অরিজিৎ সিং ও শিল্পা রাওয়ের কণ্ঠে পুরনো ডিস্কো বিটের সঙ্গে নতুন বলিউড পপের মেলবন্ধন শ্রোতাদের নজর কেড়েছে। এই গানের সবচেয়ে বড় চমক দীর্ঘদিন পর পর্দায় শাহরুখ খান ও করিনা কাপুর খানের একসঙ্গে উপস্থিতি।

২০১১ সালের ‘রা.ওয়ান’ ছবির পর আবারও শাহরুখ ও করিনাকে একসঙ্গে দেখা গেল। ‘কিং’ ছবিতে করিনা বিশেষ অতিথি শিল্পী হিসেবে হাজির হয়েছেন। এর আগেও শাহরুখের একাধিক সিনেমায় ক্যামিও ও বিশেষ গানে দেখা গিয়েছিল করিনাকে। ‘ডন’ ছবির ‘ইয়ে মেরা দিল’, ‘ওম শান্তি ওম’ ছবির ‘দিওয়ানগি দিওয়ানগি’, ‘রব নে বনা দি জোড়ি’ ছবির ‘ফির মিলেঙ্গে চলতে চলতে’ এবং ‘বিল্লু’ ছবির ‘মারজানি’ গানে তাঁদের উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।

অন্যদিকে, ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘রা.ওয়ান’-এর মতো ছবিতে পূর্ণাঙ্গ জুটি হিসেবে কাজ করেছেন এই দুই তারকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিটি আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই ছবির দ্বিতীয় গান হিসেবে প্রকাশিত ‘ড্যাডি কুল’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। শাহরুখ ও করিনা ছাড়াও ছবিতে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সির মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।