সীমান্ত নিরাপত্তা থেকে চিনের প্রভাব মোকাবিলা—কোন কৌশলে রোহিঙ্গা ইস্যুতে নীরব নয়াদিল্লি?

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে সম্প্রতি রায় দিলেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ভারত কোনো উল্লেখযোগ্য আলোচনা করেনি। এই রায়ের পর ভারতে বসবাসকারী রোহিঙ্গা উদ্বাস্তুদের ভবিষ্যৎ ও নয়াদিল্লির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিশ্বের বহু দেশ ও জোট আইসিজে-র এই রায়কে স্বাগত জানালেও ভারত এই রায়ের পক্ষে বা বিপক্ষে—কোনো অবস্থানই নেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত রায়টি নোট করেছে এবং বরাবরই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও দীর্ঘমেয়াদী প্রত্যাবর্তনের পক্ষে সমর্থন জানিয়ে এসেছে। পাশাপাশি বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ‘অপারেশন ইনসানিয়াত’-এর মাধ্যমে পাঁচ দফায় ত্রাণ ও মিয়ানমারের রাখাইন রাজ্য উন্নয়ন কর্মসূচিতে সহায়তার কথাও তুলে ধরা হয়েছে।
তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা থাকলেও ভারত তাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না। শাসক দলের একাধিক নেতা রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন, আবার মিয়ানমারের সামরিক জান্তার সরাসরি নিন্দাও করেনি নয়াদিল্লি।
সাবেক কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে, সীমান্তপথে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে মিয়ানমারের সহযোগিতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি বঙ্গোপসাগরে চিনের প্রভাব মোকাবিলায় মিয়ানমারে হাইওয়ে, রেল ও কালাদান প্রকল্পের মতো ভূরাজনৈতিক স্বার্থ জড়িয়ে থাকায় ভারত মিয়ানমারকে চটাতে চায় না।
অন্যদিকে, হিউম্যান রাইটস ওয়াচের ২০২৫ সালের মে মাসের এক প্রতিবেদনে দিল্লিতে আটক রোহিঙ্গাদের আন্দামান ও নিকোবরে নিয়ে গিয়ে সমুদ্রে লাইফ জ্যাকেট পরিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, যা আন্তর্জাতিক সমালোচনার জন্ম দেয়। যদিও দিল্লি, জম্মু ও হায়দরাবাদের মতো শহরে বহু রোহিঙ্গা এখনো অস্থায়ী শিবির ও বস্তিতে কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।
উদ্বাস্তু বিষয়ক বিশেষজ্ঞ ও অধ্যাপক অনিন্দিতা ঘোষাল জানান, মিয়ানমার থেকে আসা চিন উদ্বাস্তুদের প্রতি ভারতের মনোভাব তুলনামূলক সহানুভূতিশীল হলেও রোহিঙ্গাদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি মূলত বিরূপ এবং তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে একই কাতারে দেখা হয়। ভারত ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন ও ১৯৬৭ সালের প্রোটোকলে স্বাক্ষর না করায় দেশে পূর্ণাঙ্গ শরণার্থী নীতি নেই; ফলে কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার মাধ্যমেই বিষয়গুলো পরিচালিত হয়। সব মিলিয়ে আইসিজে-র রায় ভারতে থাকা রোহিঙ্গাদের জীবনে কতটা স্বস্তি আনবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।