রাজীব কুমারের আত্মীয়ই এবার পদ্মপ্রার্থী! দুঁদে আইপিএস অফিসারের হাতেই কি ব্যারাকপুরের রাশ?

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দলবদল এবং চমকপ্রদ প্রার্থী চয়ন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তবে সবথেকে বড় চমক এল উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে। প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমারকে প্রার্থী করল বিজেপি। রাজনৈতিক মহলে রাজেশ কুমারের পরিচয় কেবল একজন দক্ষ প্রশাসক হিসেবেই নয়, তাঁর পারিবারিক পরিচয়ও রীতিমতো চর্চার বিষয়। তিনি রাজ্যের প্রাক্তন দুঁদে আইপিএস এবং বর্তমানে প্রশাসনের শীর্ষস্তরে থাকা রাজীব কুমারের ঘনিষ্ঠ আত্মীয়।

রাজেশ কুমারের রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মজীবন অত্যন্ত বৈচিত্র্যময়। ১৯৯০ ব্যাচের এই আইপিএস অফিসার একটা সময় তৃণমূলের অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। যখন তৃণমূল কংগ্রেস কেন্দ্রে ইউপিএ সরকারের শরিক ছিল, তখন তিনি বর্তমানে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের ব্যক্তিগত সচিব (PS) হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখনও তাঁর ব্যক্তিগত সচিব হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব সামলেছেন রাজেশ। তৃণমূলের অন্দরমহল এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে পরিচিত এই ব্যক্তিত্বই এখন গেরুয়া শিবিরের অন্যতম ভরসা।

বিজেপির এই কৌশলগত চাল তৃণমূলকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, রাজেশ কুমার প্রশাসনের মারপ্যাঁচ এবং তৃণমূলের অন্দরের সমীকরণ দুটোই খুব ভালো বোঝেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের মতো স্পর্শকাতর এলাকায় এই প্রাক্তন আইপিএস-এর ভাবমূর্তি এবং অভিজ্ঞতাকে হাতিয়ার করে বিজেপি বৈতরণী পার হতে চাইছে। এখন দেখার, একসময়ের ‘ছায়াসঙ্গী’ রাজেশ কুমার সরাসরি লড়াইয়ের ময়দানে নেমে পদ্ম ফোটাতে পারেন কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy