রবিবার দুপুরে রাজস্থানের জয়সলমেরে বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি-জয়সলমের স্বর্ণনগরী এক্সপ্রেস। জয়সলমেরের কাছে জেঠা চন্দন স্টেশনের কাছে আচমকাই চলন্ত ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লোকো পাইলটের উপস্থিত বুদ্ধি: ট্রেনের ভেতর ধোঁয়া দেখে লোকো পাইলট দ্রুত ট্রেনটি নিরাপদ জায়গায় থামিয়ে দেন। ট্রেনের কর্মীরা দেরি না করে কামরায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের ঘটনায় যাত্রীরা বেশ কিছুক্ষণ আতঙ্কে সিঁটিয়ে ছিলেন। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়।
বারবার কেন এমন দুর্ঘটনা? উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি পোখরান স্টেশনে সবরমতী এক্সপ্রেসের একটি বগিতেও একই রকম আগুনের ঘটনা ঘটেছিল। একের পর এক রেল অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জয়সলমেরের এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।





