রাত তখন সাড়ে ৯টা। কলকাতা শহরের এক অভিজাত নৈশপার্টিতে পা রাখলেন বাম শিবিরের পরিচিত মুখ শতরূপ ঘোষ। বিধানসভা নির্বাচনের দামামা বাজছে চারিদিকে, রাজনীতির ময়দানে লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই সেই একই আসরে প্রবেশ করলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। সাধারণত টিভি চ্যানেলের পর্দায় যাদের একে অপরকে আক্রমণ করতে দেখা যায়, এদিন দেখা গেল একদম অন্য মেজাজে। দু’জনেই হাসিমুখে কথা বলছেন পার্টি হোস্টের সঙ্গে। আর এই অসাধ্য সাধন করলেন সুদীপা চট্টোপাধ্যায়।
উপলক্ষটি ছিল প্রযোজক-পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিনের পার্টি এবং তাঁর নতুন ছবি ‘চোর’-এর পোস্টার লঞ্চ। সুদীপাকে দিদির মতো শ্রদ্ধা করেন দেবাংশু ও শতরূপ দুজনেই। তাই ‘দিদির’ ডাকে রাজনৈতিক তিক্ততা সরিয়ে দুজনেই পাশাপাশি ধরা দিলেন। চমকের এখানেই শেষ নয়, রাত বাড়তেই হাতে ফুলের তোড়া নিয়ে সেখানে উপস্থিত হলেন গেরুয়া শিবিরের রুদ্রনীল ঘোষ।
নির্বাচনী বছরে রাজনৈতিক বিরোধ সরিয়ে বাম-তৃণমূল-বিজেপির এই বিরল সৌজন্য বিনিময় এখন টলি-পাড়ার হট টপিক। যদিও রুদ্রনীল ও শতরূপের সৌজন্য বিনিময় মাঝেমধ্যেই দেখা যায়, তবে দেবাংশু-শতরূপের একই ফ্রেমে থাকাটা ছিল বুধবার রাতের বড় চমক। রাজনীতির রণক্ষেত্র থেকে দূরে এই ‘পার্টি পলিটিক্স’ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।