রাখিতে বিরাট উপহার! উত্তরপ্রদেশে মহিলারা বাসে করবেন বিনামূল্যে ভ্রমণ; কড়া নির্দেশ যোগীর

আসন্ন রাখিবন্ধন উৎসব উপলক্ষে উত্তরপ্রদেশের কোটি কোটি মহিলার জন্য এক বিশাল উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বোন ও নারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগের কথা জানানো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ আগস্ট রাত থেকে ২৮ আগস্ট রাত পর্যন্ত রাজ্যের সমস্ত মহিলারা একজন সঙ্গীসহ উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (UPSRTC)-এর বাসগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। উৎসবের আনন্দ যাতে কোনওভাবেই মাটি না হয় এবং মহিলারা নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য পরিবহন বিভাগ, পুলিশ প্রশাসন এবং জেলা স্তরের সমস্ত কর্তাদের একসঙ্গে সমন্বয় রেখে কাজ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
মহিলা যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত ব্যস্ততম রুটগুলিতে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’-কে সর্বদা সক্রিয় রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, উৎসবের ভিড়ে প্রধান সড়ক ও হাইওয়েগুলিতে যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয়, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে ট্রাফিক পুলিশকে। বাস চালকদের শারীরিক ও মানসিক সুস্থতা যাচাইয়ের ওপর বিশেষ জোর দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো অবস্থাতেই কোনো চালক মাদক বা নেশাগ্রস্ত অবস্থায় যাত্রীবাহী বাস চালাতে পারবেন না। সরকারি বাস চালকদের পাশাপাশি সমস্ত বেসরকারি বাস, অটো-রিকশা এবং ট্যাক্সি চালকদেরও যথাযথ পুলিশি যাচাই বা ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের মনে কোনো রকম ভয়ের অবকাশ না থাকে।
পরিবহন ও নিরাপত্তার পাশাপাশি রাজ্যের বর্তমান আবহাওয়া ও জলমগ্ন পরিস্থিতি নিয়েও উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের জেরে রাজ্যের একাধিক প্রধান শহরে জল জমার মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রয়াগরাজ, বারাণসী, লখনউ, কানপুর, গোরখপুর, মিরাট, সাহারানপুর এবং গাজিয়াবাদের বিভাগীয় কমিশনারদের পাশাপাশি নয়ডা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে জলাবদ্ধ এলাকাগুলির বিস্তারিত তালিকা এবং জল জমার মূল কারণগুলি সম্পর্কে ব্যাখ্যা তলব করেছেন তিনি। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং জল নিষ্কাশন ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। উৎসবের মরশুমে জনগণের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।