রথের দিনে ভিজবে বাংলা! দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’, কলকাতার আবহাওয়া নিয়ে বড় আপডেট

রথের দিনই দুর্যোগের মুখে পশ্চিমবঙ্গ। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় থাকায় রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিশেষজ্ঞ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে। আগামী দু’দিনের মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই জোড়া দুর্যোগের কবলে পড়ে সমুদ্র এখন উত্তাল। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ থেকে আগামী ১৮ জুলাই শনিবার পর্যন্ত সমুদ্রের উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: রথের দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
কলকাতার আবহাওয়া: তিলোত্তমার আকাশে রথের দিন দিনভর মেঘের আনাগোনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। আজ দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে রবিবার ও সোমবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই দুই দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়াতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২.০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার আধিক্য থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা অনুভূত হতে পারে। আবহাওয়া দপ্তরের এই বিশেষ বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবিলায় রাজ্যবাসীকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রথের যাত্রায় বেরোনোর সময় অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার কথা জানানো হয়েছে।