‘রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম’, মমতার হাত ধরে এবার দ্বিতীয় মহাকাল! সমালোচনার ঝড় তুলল সাধারণ মানুষ

উত্তরবঙ্গ সফরের শেষবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দার্জিলিঙে দ্বিতীয় মহাকাল মন্দির তৈরির ঘোষণা করে নয়া বিতর্ক সৃষ্টি করলেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিঘায় জগন্নাথ ধাম এবং রাজারহাটে দুর্গা অঙ্গন তৈরির পর এবার তাঁর ইচ্ছে দার্জিলিঙে আরও একটি মহাকাল মন্দির স্থাপন করার।
দ্বিতীয় মহাকালের ঘোষণা ও নির্দেশ
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কাজের জন্য তাঁকে একটি ট্রাস্ট তৈরি করতে হবে এবং তিনি সরকারি কর্মকর্তাদের এই ট্রাস্ট তৈরির ব্যাপারে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এবং জলের সমস্যা খতিয়ে দেখতেই নাগরাকাটা, চালসা, মাল হয়ে মুখ্যমন্ত্রী দার্জিলিঙে এসেছিলেন। বন্যা রোধের জন্য ম্যানগ্রোভ অরণ্য তৈরির পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী আগেই বিতর্কের মুখে পড়েছিলেন। এবার এই ধর্মীয় স্থাপনার ঘোষণায় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
সমালোচনার ঝড়: ‘পেটে কি ভাত জুটবে?’
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও এখনও কোনো প্রতিক্রিয়া দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ তীব্র প্রতিবাদে সরব হয়েছেন।
সাধারণ খেটে খাওয়া মানুষের প্রশ্ন:
“সরকার কি শুধু মেলা আর মন্দির করার জন্য? সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। উত্তরবঙ্গে চা শিল্প ছাড়া আর কিছুই নেই, তার মধ্যেও অনেক চা বাগান বন্ধের মুখে। সে বিষয়ে কেন সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই? মন্দির করলে কি মানুষের পেটে ভাত জুটবে?”
অনেকেই মন্তব্য করেছেন, বাংলার মানুষ আর কতদিন ভাতা আর ভিক্ষার উপরে বেঁচে থাকবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী অবশ্য জলের সমস্যা মেটানোর পাশাপাশি স্থানীয় মানুষের দাবিতে স্কুল তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।