রক্তাক্ত স্মৃতি ফিরছে পাকিস্তানে? বিদেশি ক্রিকেটারদের ‘টার্গেট’ করার হুমকি দিল জঙ্গি গোষ্ঠী

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার সেই ভয়াবহ স্মৃতি কি আবারও ফিরতে চলেছে পাকিস্তানে? পাকিস্তান সুপার লিগের (PSL 2026) ১১তম আসর শুরুর ঠিক আগে এমনই এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর একটি গোষ্ঠী ‘জামাত-উল-আহরার’ সরাসরি হুমকি দিয়েছে বিদেশি ক্রিকেটারদের। তাদের দাবি, বিদেশি ক্রিকেটাররা যেন অবিলম্বে পাকিস্তান ত্যাগ করেন এবং এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।

জঙ্গি গোষ্ঠীটির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, দেশের বর্তমান রাজনৈতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই অবস্থায় বিদেশি অ্যাথলিটদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। জামাত-উল-আহরারের এক কমান্ডার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলিকে অনুরোধ করছি তাদের খেলোয়াড়দের এখানে না পাঠাতে। যদি কোনও দুর্ঘটনা ঘটে, তার দায় আমাদের থাকবে না।” তাঁরা আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, টুর্নামেন্ট ভণ্ডুল করতে তাঁরা সবরকম চেষ্টা চালাবেন।

এই হুমকির মুখে ইতিমধ্যেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মইন আলির মতো তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছে পিসিবি (PCB)। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাভি আগেই ঘোষণা করেছিলেন যে, এবারের সমস্ত ম্যাচ করাচি ও লাহোরের মাত্র দুটি ভেন্যুতে রুদ্ধদ্বার স্টেডিয়ামে (Closed Doors) অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং জ্বালানি সংকটের অজুহাত দেওয়া হলেও, নেপথ্যে যে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তা এই জঙ্গি হুমকিতে আরও স্পষ্ট হলো। বেশ কিছু বিদেশি ক্রিকেটার ইতিমধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে লিগ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন বলে সূত্রের খবর।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy