রক্তাক্ত অবস্থায় মিলল ৪০-৫০টি গোরু-মোষ! জঙ্গল ঘেঁষা গ্রামে আতঙ্ক, দুধ খেলেই বিপদ?

এক রাতেই অজানা প্রাণীর হামলায় আক্রান্ত হল অন্তত ৪০টি গবাদি পশু। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্ত পশুগুলির বেশিরভাগেরই মুখে ও শরীরে কামড় এবং আঁচড়ের চিহ্ন রয়েছে। কোনো বন্যপ্রাণীর আক্রমণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে গবাদি পশুগুলিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান কৃষকেরা। প্রথমে হতবাক হয়ে গেলেও ভালো করে দেখে তাঁরা শরীরে আঁচড় ও কামড়ের দাগ লক্ষ্য করেন। এরপর দ্রুত খবর দেওয়া হয় বন বিভাগে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

অন্যদিকে, চিকিৎসকদের তরফে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, যাঁরা ইতিমধ্যেই এই আক্রান্ত গরুগুলির দুধ খেয়েছেন, তাঁরা যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন এবং প্রয়োজনীয় টিকা বা ভ্যাক্সিন গ্রহণ করেন।

জঙ্গল ঘেঁষা গ্রামে আতঙ্ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার অন্তর্গত ভেধুমজুরি পাড়া এলাকায়। গ্রামটি একেবারে ঘন জঙ্গলের কাছাকাছি অবস্থিত। গ্রামবাসীদের দাবি, প্রায় ৪০ থেকে ৫০টি গরু ও মোষের শরীরে আঁচড়ের চিহ্ন মিলেছে, যার ফলে পশুগুলি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধা। তাঁর উপস্থিতিতেই বন দফতরের কর্মীদের পাশাপাশি প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের পশুচিকিৎসকরা গ্রামে পৌঁছান। আহত পশুগুলির চিকিৎসা শুরু করার পাশাপাশি সেগুলিকে টিকা দেওয়ার কাজও চলছে।

হায়নার সন্দেহ ও সতর্কতা জারি

বন বিভাগ বা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ—কোনো পক্ষই এখনও হামলাকারী প্রাণীটিকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেনি। তবে ক্ষতের ধরন ও আক্রমণের প্রকৃতি দেখে অনেকেরই সন্দেহ, এটি হায়নার কাণ্ড হতে পারে।

এলাকায় মাইকিং ও ঘোষণার মাধ্যমে বাসিন্দাদের সচেতন করছে বন দফতর। কোনো পশুর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেলে বা নতুন করে কেউ আক্রান্ত হলে সেটিকে অন্য পশুদের থেকে আলাদা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আক্রান্ত পশুর দুধ বা মাংস না খাওয়ার জন্য গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।

স্থানীয় বন বিভাগের বিট অফিসার সোমনাথ হেমব্রাম বলেন, একটি অজ্ঞাত প্রাণী ৪০টিরও বেশি পশুকে কামড়েছে। কামড়ের দাগগুলি স্বাভাবিক বলে মনে হচ্ছে না, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাণীটি হায়না হতে পারে বলেই তাঁদের সন্দেহ এবং প্রয়োজনীয় সব সতর্কতা নেওয়া হচ্ছে।