“গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগ!”-খড়গপুর IIT-র ৭৫ বছরে পড়ুয়াদের ‘নেশন ফার্স্ট’-এর মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী

আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে একদিকে যেমন দেশের প্রযুক্তিগত অগ্রগতির খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে বামেদের তীব্র ভাষায় আক্রমণ করলেন। শনিবার (২১ নভেম্বর) খড়গপুরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে বিশেষ আলাপচারিতার পর মূল মঞ্চ থেকে বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যের শুরুতেই আইআইটি খড়গপুরের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এরপর দেশে সেমিকন্ডাক্টর মিশনের সাফল্যের কথা তুলে ধরে অতীতের প্রসঙ্গ টানেন তিনি। বামেদের নিশানা করে মোদী বলেন, আজ থেকে ৫০ বছর আগে এই দেশে সেমিকন্ডাক্টর তৈরির জন্য একটি সংস্থা এসেছিল। কিন্তু সে সময় লাল ঝান্ডা দেখিয়ে ওই সংস্থাটিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল।
নিজের সরকারের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তিনি যখন সেমিকন্ডাক্টর মিশন শুরু করেছিলেন, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে বিশ্ব যখন ৫০ বছর ধরে চিপ তৈরি করছে, তখন ভারত এত দেরিতে শুরু করে কী করবে? উত্তরে মোদী বলেন, দেরি হয়েছে তো কী হয়েছে! তিনি নিজে আধিকারিকদের নিয়ে প্ল্যান্টে গিয়েছেন এবং মাত্র ৪ বছরের মধ্যেই ছবিটা বদলে গিয়েছে। আজ ভারত শুধু চিপ তৈরিই করছে না, বিদেশেও রফতানি করছে। আর এই ক্ষেত্রে আইআইটি খড়গপুরের প্রাক্তনীরাই বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন।
গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন ও ‘নেশন ফার্স্ট’ মন্ত্র
পশ্চিমবঙ্গের মাটিকে নতুন ভাবনা ও উদ্ভাবনের জন্মভূমি বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, গত ৭৫ বছরে দেশ অনেকটা পথ পেরিয়ে এসেছে। একসময় যেখানে গরুর গাড়িই ছিল যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম, আজ সেই ভারত বুলেট ট্রেনের যুগে প্রবেশ করেছে। এই রূপান্তর কেবল পরিকাঠামোর উন্নয়ন নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতারও প্রমাণ।
এদিন পড়ুয়াদের উদ্দেশে ‘নেশন ফার্স্ট’ বা দেশকে সবার আগে রাখার বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে আইআইটি খড়গপুরের পড়ুয়ারাই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে পারবেন। আর সেই স্বপ্ন পূরণের জন্য ‘নেশন ফার্স্ট’ নীতিকে পাথেয় করে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।