‘রং দে বাসন্তী’-র শ্যুটিংয়ে টাকা ফেরত দিতে হয়েছিল! বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য ছড়ালেন সোহা আলি খান

২০০৬ সালের ব্লকবাস্টার হিট ছবি ‘রং দে বাসন্তী’ আজও দর্শকদের কাছে এক বিশেষ স্থান দখল করে রেখেছে। আমির খান, সোহা আলি খান, সিদ্ধার্থ, কুণাল কাপুর, শারমান জোশী, অতুল কুলকার্নি এবং আর. মাধবন অভিনীত এই ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির অন্যতম প্রধান অভিনেত্রী সোহা আলি খান জানালেন এক চাঞ্চল্যকর তথ্য। তার কথায়, ছবিটি মুক্তির আগে এর বাণিজ্যিক সাফল্য নিয়ে প্রযোজকরা এতটাই অনিশ্চিত ছিলেন যে তারা অভিনেতাদের কাছ থেকে পারিশ্রমিকের কিছু অংশ ফেরত চেয়েছিলেন।

Zoom-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোহা বলেন, “কেউই ভাবেনি যে ছবিটি এত বড় সাফল্য পাবে বা মানুষের ওপর এত প্রভাব ফেলবে। যখন আমরা ছবির প্রচার করছিলাম, তখন প্রযোজকরা ফোন করে আমাদের বলেছিলেন, ‘আমাদের দেওয়া কিছু টাকা ফেরত দিতে পারবেন কি? কারণ আমরা নিশ্চিত নই যে এই ছবিটি ভালো ব্যবসা করবে।’ আমরা সবাই সেই টাকা ফেরত দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, ‘হতেও পারে ছবিটি চলল না।’”

সোহার মতে, সেই অনিশ্চয়তার সময় থেকেই এই ছবিটি একটি আন্দোলনে পরিণত হয় এবং তার ক্যারিয়ারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়। তিনি জানান, “আমার কাছে এটি আমার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছিল, এমন কিছু যা আমার যাত্রায় সবসময়ই বিশেষ স্থান দখল করে থাকবে।”

ছবিটির শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সোহা জানান, “আমরা প্রায় এক বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে শ্যুটিং করেছি—পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, মুম্বাই। আমাদের মধ্যে দারুণ একটি বন্ধন তৈরি হয়েছিল।” তিনি আরও বলেন, সিনেম্যাটোগ্রাফার বিনোদ প্রধান প্রতিটি শটের জন্য যথেষ্ট সময় নিতেন, যার ফলে অভিনেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই অপেক্ষার সময়টাই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। “আমরা অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। বন্ধুত্ব তৈরি হয়েছিল এবং সেই সময় আমরা ভেবেছিলাম, ‘আমরা চিরকাল বন্ধু থাকব।'”

সাম্প্রতিক সময়ে, সোহা আলি খান বিশাল ফুরিয়া পরিচালিত হরর থ্রিলার ‘ছোড়ি ২’-তে অভিনয় করেছেন। এটি ২০১৭ সালের মারাঠি ছবি ‘লাপাচ্ছাপি’-র একটি সিক্যুয়েল। এতে তার সঙ্গে অভিনয় করেছেন নুসরত বারুচা, গাশ্মীর মহাজানী এবং জিতেন্দ্র কুমার। সোহা ২০০৮ সালে ‘সাহেব বিবি অর গ্যাংস্টার ৩’-এর পর দীর্ঘ সাত বছরের বিরতি নিয়ে ‘ছোড়ি’ ছবি দিয়ে অভিনয়ে ফিরেছেন।