উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের ওপর এবার চরম পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের প্রায় ৬৮,২৩৬ জন সরকারি কর্মীর বেতন সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে যোগী সরকার। মূলত দুর্নীতি রোধে স্বচ্ছতা আনতে কর্মীদের স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান সরকারি পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় মাসের শুরুতেই চরম বিপাকে পড়েছেন হাজার হাজার কর্মী।
রাজ্যের মুখ্যসচিব এসপি গয়ালের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে ‘মানব সম্পদ’ পোর্টালে নিজেদের সম্পত্তির তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও যারা তা করেননি, তাদের বেতন আটকে দেওয়া হয়েছে। তথ্য না দেওয়া কর্মীদের তালিকায় রয়েছেন প্রথম শ্রেণির ২,৬২৮ জন থেকে শুরু করে চতুর্থ শ্রেণির ২২,৬২৪ জন কর্মী। রাজস্ব, শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরাই এই তালিকায় বেশি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল শুরু; দ্রুত তথ্য আপলোড না করলে বিভাগীয় তদন্ত ও কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।