‘যে ভুল বোঝানো হয়েছিল…’, অন্নপূর্ণা যোজনা থেকে নাম কাটা নিয়ে সরাসরি মমতার বিরুদ্ধে তোপ দেগে বড় বার্তা!

অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ পড়া এবং সুবিধা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। জেলায় জেলায় এই ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভের আবহে এবার সরাসরি মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চিতদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি এক বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচনের আগে একশ্রেণির রাজনৈতিক কর্মীরা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করিয়েছিলেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠছে। তাঁর প্রশ্ন, প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে হঠাৎ কেন যোগ্যতার মাপকাঠি খাড়া করা হচ্ছে?

বঞ্চিতদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, যাঁরা সমস্ত নিয়ম মেনেও অন্নপূর্ণা যোজনা কিংবা অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁরা যেন নিজেদের নাম, ঠিকানা ও বুথের বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখেন। পাড়ায় পাড়ায় এই তালিকা তৈরি করা হবে এবং ভবিষ্যতে এই সমস্যা সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। সেইসঙ্গে সাধারণ মানুষের পাশে তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে জোরালো দাবি করেছেন।