যুবভারতীতে কিং খানের সঙ্গে দেখা হবে মেসির! মমতা, সৌরভের উপস্থিতিতে আজ কী কী কর্মসূচি আর্জেন্টাইন মহাতারকার?

শহরে এসেছেন ফুটবলের ‘GOAT’ লিওনেল মেসি (Lionel Messi)! ১৪ বছর পর বিশ্বজয়ী তারকার কলকাতা আগমন ঘিরে গোটা শহরে এখন উৎসবের মেজাজ। অন্যদিন সকাল সাতটা-আটটাতেও যাঁদের ঘুম ভাঙে না, আজ তাঁরা ভোর সাড়ে চারটেয় জ্যাকেট-টুপিতে মুড়ে হাজির হয়েছেন যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে! কারণ এই দিন কি আর বারবার আসে? সবার অপেক্ষা এখন শুধুই মেসিকে এক ঝলক দেখার।

মাঝরাতে বাঁধভাঙা উন্মাদনা: শুক্রবার মধ্যরাতে মেসির ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বাইরে তখন ছিল থিকথিক করা ভিড়, যা ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা রাতকেও হার মানিয়েছে। মেসির বিমান অবতরণের সম্ভাব্য সময় পেরিয়ে গেলেও ভক্তদের উন্মাদনায় ভাঁটা পড়েনি একফোঁটাও! রাত যত বেড়েছে, ভিড় ততই গাঢ় হয়েছে এবং ভক্তদের গলার স্বর আরও উচ্চ হয়েছে।

ঠিক রাত ৩টে ২০ মিনিটে মেসির কনভয় বিমানবন্দর থেকে বেরিয়ে আসে। সেই মুহূর্তে কলকাতাবাসীর চিৎকারে যেন আকাশ ফেটে পড়ল! সবার মুখে শুধু একটাই কথা, ‘মেসি, মেসি, মেসি…’। ফুটবলের এই কিংবদন্তির এক ঝলক দেখেই তিন ঘণ্টারও বেশি সময়ের অপেক্ষার ক্লান্তি যেন নিমেষে গায়েব হয়ে গেল ভক্তদের।

যুবভারতীতে আজ দিনভর কর্মসূচি: বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সরাসরি বাইপাস সংলগ্ন একটি হোটেলে প্রবেশ করেন। আজ, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।

ভার্চুয়াল উদ্বোধন: যুবভারতীতে যাওয়ার আগে হোটেল থেকেই উদ্যোক্তাদের আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’-এ অংশ নেবেন এবং ভার্চুয়ালি নিজের মূর্তির উদ্বোধন করবেন।

যুবভারতীতে আগমন: এরপর সোজা পৌঁছে যাবেন যুবভারতীতে, যেখানে এখন থেকেই হাজার হাজার সমর্থক তাঁর জন্য অপেক্ষা করছে।

তারকা সমাবেশ: এই ট্যুরে মেসির সঙ্গে দেখা হবে ‘কিং খান’ শাহরুখ খানের। শাহরুখ খান নিজেই পোস্ট করে মেসির সঙ্গে সাক্ষাতের উত্তেজনা প্রকাশ করেছেন। এছাড়াও যুবভারতীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও।