পশ্চিম এশিয়ার যুদ্ধের ভয়াবহ প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল পশ্চিমবঙ্গের মন্দিরগুলোতে। রান্নার গ্যাসের তীব্র সঙ্কটের জেরে কলকাতার ইসকন মন্দির এবং দিঘার জগন্নাথ মন্দিরে ভোগ রান্নার ক্ষেত্রে বড় ধরনের কাটছাঁট করতে বাধ্য হলেন কর্তৃপক্ষ।
কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, বর্তমানে তাঁদের হাতে মাত্র ২-৩ দিনের মতো গ্যাসের স্টক অবশিষ্ট রয়েছে। নতুন করে সরবরাহ না এলে মন্দিরে তিন বেলা ভোগ নিবেদন করা অসম্ভব হয়ে পড়তে পারে। এই অনিশ্চয়তার কথা মাথায় রেখে আপাতত একাধিক পদের রান্না বন্ধ করে শুধু তিন বেলা খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই অবস্থা দিঘার জগন্নাথ মন্দিরেও। প্রতিদিন প্রায় ৩০০০ ভক্তের জন্য অন্নভোগের আয়োজন করা হয় এই মন্দিরে। তবে গ্যাসের অভাব এতটাই প্রকট যে, এখন থেকে ৩০০০ জনের পরিবর্তে মাত্র ৭৫০ জনের খাবারের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলিন্ডারের জন্য ডিস্ট্রিবিউটরদের অফিসে মানুষের লম্বা লাইন এবং দিনের পর দিন গ্যাস না পাওয়ার অভিযোগ এই পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। সাধারণ মানুষের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও যখন এই জ্বালানি সঙ্কটের কবলে, তখন রাজ্যজুড়ে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।