যাদবপুরে তোলপাড়ের মাঝেই মুখ খুললেন অমর্ত্য সেন! গর্জে উঠে কী বললেন নোবেলজয়ী?

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমবর্ধমান রাজনৈতিক হিংসা, বহিরাগতদের তাণ্ডব ও অশান্তির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং মুক্তচিন্তার আবহ নষ্টের চেষ্টার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে এই ধরণের ঘটনার নেপথ্যে থাকা ‘সাম্প্রদায়িক মানসিকতা’র তীব্র নিন্দা করেছেন এই প্রবীণ অর্থনীতিবিদ।

বৃহস্পতিবার এসআরএফটিআই (SRFTI)-এর আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে এবং ক্যাম্পাসে হিংসার প্রতিবাদে একটি বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদ। সেখানেই এক ইমেল বার্তার মাধ্যমে প্রাক্তন অধ্যাপক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন অমর্ত্য সেন। প্রায় ৭০ বছর আগে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই অধ্যাপনা জীবন শুরু করেছিলেন তিনি। সেই স্মৃতির কথা স্মরণ করে তিনি জানান, শিক্ষাঙ্গনে তাণ্ডব ও হামলার খবর শুনে তিনি অত্যন্ত হতবাক।

অমর্ত্য সেনের মতে, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের রাজনৈতিক হিংসার হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয়তা এর আগে এতটা তীব্র হয়ে ওঠেনি। হিংসামুক্ত ও স্বাধীন পরিবেশে পড়াশোনা করার অধিকার দেশের সকল শিক্ষার্থীর রয়েছে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে হিংসাত্মক কার্যকলাপ ও তার পেছনের সামাজিক বা রাজনৈতিক মানসিকতার বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর এসআরএফটিআই ক্যাম্পাসে একটি দক্ষিণপন্থী সংগঠনকে অনুষ্ঠান করতে দেওয়ার প্রতিবাদ কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ, বহিরাগতদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আক্রান্ত হন। কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা। পরিস্থিতি জটিল হলে ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে কর্তৃপক্ষ, যার প্রতিবাদে বিগত এক মাস ধরে অনড় অবস্থানে পড়ুয়ারা। এই আন্দোলনে একে একে সংহতি জানিয়েছে যাদবপুর, আলিয়া বিশ্ববিদ্যালয়, আইএসআই-এর মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরাও পড়ুয়াদের সমর্থনে এগিয়ে এসেছেন। এর মাঝেই নোবেলজয়ী অমর্ত্য সেনের বার্তা রাজ্য রাজনীতি ও শিক্ষামহলে নতুন জল্পনা উস্কে দিল।

Pratik Saha
  • Pratik Saha