পতনের ২ দিন আগেই ঠিক হয় মাস্টারপ্ল্যান! হাসিনাকে সরাতে ইউনূসের সঙ্গে নেপথ্যে কী চুক্তি? ফাঁস গোপন রহস্য

শেখ হাসিনা সরকার পতনের আগেই কি বাংলাদেশে অলক্ষ্যে রচিত হয়েছিল ক্ষমতা বদলের রূপরেখা? বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রাক্তন প্রেস সচিব শফিকুল আলমের সাম্প্রতিক এক দাবিতে নতুন করে উত্তাল রাজনৈতিক মহল। তাঁর দাবি, শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়ার অন্তত ২ দিন আগেই ক্ষমতা পরবর্তী পরিস্থিতি সামলাতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিলেন ছাত্রনেতারা।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে শফিকুল আলম দাবি করেছেন, তৎকালীন হাসিনা সরকারের সমস্ত নজরদারি ও নিরাপত্তার কড়াকড়ি এড়িয়ে সম্পূর্ণ গোপনে এই আলোচনা চালানো হয়েছিল। ছাত্রনেতাদের এই প্রস্তাব ড. ইউনূসের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি-র (AFP) ঢাকা দফতরের তৎকালীন ফ্যাক্ট-চেক সম্পাদক কাদারুদ্দিন শিশির অনুঘটক হিসেবে কাজ করেছিলেন। সরকারের হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের ভিডিও প্রমাণ সংগ্রহের কাজও সেসময় চলছিল বলে দাবি আলমের।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে বিশেষ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভারত থেকে হাসিনাকে ফেরানোর দাবিও জানায় এই নতুন সরকার।

অন্যদিকে, শুরু থেকেই এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও দমন-পীড়নের অভিযোগ তুলে আসছেন শেখ হাসিনা। সম্প্রতি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে প্রবাসীদের একাংশের তুমুল বিক্ষোভ ও স্লোগান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের পেছনের সেই গোপন সমীকরণ সামনে আসতেই বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

Pratik Saha
  • Pratik Saha