২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল নির্বাচন কমিশনের বিশেষ সার্ভেলেন্স টিম। বুধবার সকাল থেকেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কড়া নাকা চেকিং। এদিন পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকায় পুলিশের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে অতর্কিতে তল্লাশি চালায় কমিশনের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম (SST)।
মূলত রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচ নিয়ন্ত্রণ এবং বেআইনি লেনদেন রুখতেই এই তৎপরতা। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “ভোটের সময় কালো টাকা, আগ্নেয়াস্ত্র বা মদের অবৈধ কারবার রুখতে আমাদের এই ডিউটি দেওয়া হয়। আজ থেকেই সেই কাজ পুরোদমে শুরু হলো।” মুকুন্দপুর মোড়ে সন্দেহভাজন প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। গাড়ির ডিকি থেকে শুরু করে সিটের তলা— বাদ যাচ্ছে না কিছুই। কোনো দলেই যেন অতিরিক্ত অর্থ বা পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য। এই মেগা তল্লাশিতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।