যাদবপুরের ছাত্র সংঘর্ষ নিয়ে মুখ খুললেন স্বপন দাশগুপ্ত, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে কী বললেন অর্থমন্ত্রী?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বুধবার রাতে এবিভিপি এবং এসএফআইয়ের মধ্যেকার সংঘর্ষের জেরে ক্যাম্পাসে তৈরি হওয়া অশান্ত পরিবেশ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ‘এমব্লেম’ বা প্রতীক ধ্বংস হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বার্তায় স্বপন দাশগুপ্ত জানান, যাদবপুর তাঁর বিধানসভার সরাসরি অংশ না হলেও ঠিক সীমানার পাশেই অবস্থিত। ফলে সেখানকার যেকোনো ঘটনার প্রভাব স্বাভাবিকভাবেই পার্শ্ববর্তী এলাকায় পড়ে। তাঁর মতে, ছাত্র আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির নতুন কিছু না হলেও দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয়টি যাতে তার গৌরব বজায় রেখে এগিয়ে চলে এবং সারা দেশের কাছে মাথা উঁচু করে থাকতে পারে, সেই প্রত্যাশাই করেছেন তিনি। একই সঙ্গে উত্তেজনার মাঝে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্ররোচনামূলক রিল ছড়িয়ে পড়ার তীব্র সমালোচনাও করেছেন এই নেতা।