যাত্রীদের জন্য বিরাট স্বস্তি! টিকিট বাতিল বা সংশোধনে ৪৮ ঘণ্টার উইন্ডো, রিফান্ড নিয়ে কড়া DGCA

যাত্রীদের ক্রমবর্ধমান অভিযোগ এবং রিফান্ডের ক্ষেত্রে এয়ারলাইন্সগুলির অনিয়মের মুখে এবার বড়সড় পদক্ষেপ নিল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। নতুন খসড়া নির্দেশিকায় বিমান টিকিট রিফান্ডের ক্ষেত্রে ন্যূনতম একটি মানদণ্ড স্থির করার প্রস্তাব আনা হয়েছে, যা যাত্রীদের সুবিধা দেবে। এই প্রস্তাবিত নিয়মগুলি নিয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জনসাধারণ মতামত জানাতে পারবেন।

৪৮ ঘণ্টার ‘লুক-ইন অপশন’: DGCA-এর নতুন ‘লুক-ইন অপশন’ অনুযায়ী, টিকিট বুক করার পর যাত্রীদের হাতে ২ দিন বা ৪৮ ঘণ্টা সময় থাকবে। এই সময়ের মধ্যে টিকিট বাতিল বা সংশোধন করলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। তবে এই সুবিধা পেতে গেলে:

ঘরোয়া ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার ৫ দিন আগে টিকিট বুক করতে হবে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার ১৫ দিন আগে টিকিট বুক করতে হবে।

এই নিয়মের ফলে তাড়াহুড়ো করে টিকিট কাটতে গিয়ে কোনও ভুল হলে, তা শুধরে নেওয়ার সুযোগ পাবেন যাত্রীরা।

এজেন্টের মাধ্যমে কাটা টিকিটের রিফান্ড: ট্র্যাভেল এজেন্ট বা অনলাইন পোর্টালের মাধ্যমে কাটা টিকিটের রিফান্ডের দায়িত্ব সরাসরি এয়ারলাইন্সের উপর বর্তাবে। DGCA স্পষ্ট জানিয়েছে যে এজেন্টরা এয়ারলাইন্সের প্রতিনিধি। তাই রিফান্ডের পুরো প্রক্রিয়া ২১ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা এয়ারলাইন্সের দায়িত্ব। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে রিফান্ড দিতে হবে ৭ দিনের মধ্যে।

বানানের ভুল সংশোধন: যদি টিকিট কেনার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রীরা নিজেদের নামের বানানের ভুল সংশোধন করে, তবে এয়ারলাইন্স কোনও অতিরিক্ত চার্জ নিতে পারবে না। এই সুবিধা সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে বুক করা টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য।

অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন:

৪৮ ঘণ্টার উইন্ডো মিস করলে ক্যানসেলেশন চার্জ নেওয়া হবে, যা কোনোভাবেই বেসিক ফেয়ার এবং ফুয়েল সারচার্জের বেশি হতে পারবে না।

‘নো-শো’ (No-Show) বা টিকিট ব্যবহার না হলেও, সমস্ত স্ট্যাটিউটরি ট্যাক্স এবং বিমানবন্দর ফি অবশ্যই ফেরত দিতে হবে।

রিফান্ডের পরিবর্তে টাকা জোর করে এয়ারলাইন্সের ওয়ালেটে ফেরত দেওয়া হবে কিনা, তা যাত্রীর ইচ্ছার উপর নির্ভর করবে, এয়ারলাইন্স জোর করতে পারবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়মগুলি চালু হলে এয়ারলাইন্সগুলির অস্বচ্ছতা কমবে এবং সবচেয়ে বেশি উপকৃত হবেন মধ্যবিত্ত শ্রেণির যাত্রীরা।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty