ম্যালেরিয়ার ওষুধ খেয়েই মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর! হাসপাতালে আরও ৫২, চরম আতঙ্ক অন্ধ্রপ্রদেশে

অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলায় ম্যালেরিয়া নির্মূল অভিযানে ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়। সরকারি ক্যাম্প থেকে দেওয়া ম্যালেরিয়ার ওষুধ ‘ক্লোরোকুইন’ (Chloroquine) খেয়ে মৃত্যু হল ৭ বছরের এক জনজাতি শিশুকন্যার। এই ঘটনায় আরও ৫২ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, যাঁদের মধ্যে ৪৭ জনই শিশু। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, পোলাভরমের গোলাগুপ্পা গ্রামে সম্প্রতি বেশ কয়েকজন ম্যালেরিয়ায় আক্রান্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে গ্রামে একটি বিশেষ জ্বর-নজরদারি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে সরকারি প্রোটোকল মেনে গ্রামবাসীদের ক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়। কিন্তু ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাদিবী যমুনা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার রক্তে শর্করার মাত্রা আচমকা মারাত্মকভাবে কমে যায় এবং সে জ্ঞান হারায়। প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে তেলঙ্গানার ভদ্রাচলম এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, যমুনার মৃত্যুর পাশাপাশি ওই গ্রামের আরও বহু শিশু ও বয়স্ক মানুষের পেটে জ্বালা, বমি এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে ৪৮ জন শিশু ও ৫ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। পোলাভরমের জেলা কালেক্টর কে দীনেশ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে ওষুধের গুণমান সঠিক বলেই মনে করা হচ্ছে, তবে নিশ্চিত হতে ওষুধের নির্দিষ্ট ব্যাচটি বিশাখাপত্তনমের ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মৃত শিশুটির জন্মগত কোনও হৃদরোগ থাকতে পারে। ক্লোরোকুইনের প্রভাবে কার্ডিয়াক অ্যারিথমিয়া বা হৃদস্পন্দনের মারাত্মক অনিয়ম ঘটার ফলেই এই মর্মান্তিক পরিণতি। আপাতত হাসপাতালে ভর্তি বাকি রোগীরা স্থিতিশীল বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।