মোদীকে ফোন করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী! ভারত-ডেনমার্ক সম্পর্কে নতুন দিগন্ত?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা করলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন। এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও কথা হয়েছে।

ফ্রেডেরিকসেন মোদীকে জানিয়েছেন যে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) দ্রুত সম্পন্ন করার জন্য ডেনমার্ক পুরোপুরি সহযোগিতা করবে। এটি ভারতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ, যা ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় করবে।

দুই রাষ্ট্রনেতাই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দিয়েছেন। এই বিষয়ে মোদী ও ফ্রেডেরিকসেনের মধ্যে আলোচনা হয়, যা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার ইঙ্গিত দেয়।

এছাড়াও, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বিদ্যুৎ, খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ডেনমার্কের ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতিত্ব এবং রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় ফ্রেডেরিকসেনকে অভিনন্দন জানিয়েছেন মোদী। নিজের ৭৫তম জন্মদিনের একদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখা গেছে।