রাজ্য দখলের লড়াইয়ে তৃণমূলকে একচুল জমি ছাড়তে নারাজ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাই-ভোল্টেজ প্রচারের পরদিনই এবার ময়দানে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে নিউটাউনের একটি পাঁচতারা হোটেল থেকে বঙ্গের জন্য বিজেপির নির্বাচনী ইস্তেহার বা ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করবেন তিনি। আগামী পাঁচ বছর ক্ষমতায় এলে উন্নয়নের কী কী দিশা গেরুয়া শিবির দেখাবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
কয়েক দিন আগেই তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। এদিন তাঁর পাশে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ইস্তেহার প্রকাশের পর মেদিনীপুরে ঝোড়ো প্রচারে নামবেন শাহ। দুপুরে ডেবরায় জনসভা এবং বিকেলে খড়গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে মেগা রোড-শো করার কথা রয়েছে তাঁর।
বিজেপির এই ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ আদতে তৃণমূলের দুর্নীতির খতিয়ান বা চার্জশিটের পাল্টা উন্নয়নের ব্লু-প্রিন্ট বলেই মনে করা হচ্ছে। আজ শাহের এই ঠাসা কর্মসূচির পর শনিবার ফের আলাদা আলাদা জনসভায় বঙ্গবাসীর উদ্দেশে বার্তা দেবেন মোদি ও শাহ দুজনেই।





