মালদার মোথাবাড়ি-কাণ্ডে তদন্তে নেমে প্রথম বড়সড় পদক্ষেপ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি সহ তিনজনকে। ধৃত অন্য দুজন হলেন আসিফ শেখ এবং সাহাদাত হোসেন, যারা এলাকায় কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত।
গত ১ এপ্রিল ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত সাতজন বিচারককে (যাদের মধ্যে ৩ জন মহিলা) কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে। ব্লক অফিস থেকে বেরোনোর সময় বিচারকদের গাড়িতে হামলাও চালানো হয়। সুপ্রিম কোর্টের কড়া হস্তক্ষেপের পর নির্বাচন কমিশন এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয়। তদন্তকারীদের অনুমান, এই ঘটনা আকস্মিক নয় বরং ছিল অত্যন্ত পরিকল্পিত।
এনআইএ সূত্রে খবর, পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি জনতাকে প্ররোচিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছিলেন। আধুনিক প্রযুক্তি ও ভিডিওগ্রাফির মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহ করার পর রবিবার গভীর রাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে এই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনআইএ। তদন্তকারীদের ইঙ্গিত, ঘটনার নেপথ্যে থাকা বড়সড় ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছাতে শীঘ্রই আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে। এই গ্রেফতারির পর মোথাবাড়ি এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।





