মেসি ম্যানিয়ায় নীল-সাদা কলকাতা! হোটেল থেকেই ভারচুয়ালি উদ্বোধন করলেন নিজের ৭০ ফুটের মূর্তি

কলকাতায় এখন নীল-সাদা রঙের উৎসব। না, এটি কোনও রাজনীতির রঙ নয়, এটি ভালোবাসার রঙ—যার নাম মেসি। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi G.O.A.T Tour of INDIA 2025) সবচেয়ে বড় মূর্তি আজ উদ্বোধন হলো কলকাতায়। হোটেল থেকেই ভারচুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন মেসি। এই বিশেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন বন্ধু লুইস সুয়ারেজ। মজার বিষয়, বলিউড বাদশা শাহরুখ খানও এই ক্ষণ উপভোগ করতে ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে কলকাতায় উপস্থিত হয়েছেন।
মেসি ম্যানিয়ায় কাঁপছে কলকাতা:
বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার লিওনেল মেসি (GOAT) তিন দিনের ভারত সফরে এসেছেন (কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং নয়াদিল্লি)। গতকাল রাতে তিনি কলকাতায় পৌঁছনোর পর থেকেই শুরু হয়েছে মেসি ম্যানিয়া। তাঁকে এক ঝলক দেখার জন্য কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মানুষের উপচে পড়া ভিড়। এমনকি, বিমানবন্দরেও ভক্তরা দুপুর থেকেই ভিড় জমাতে শুরু করেছিলেন।
শাহরুখ-আব্রামও শহরে:
এদিন সকালে, বলিউড বাদশা শাহরুখ খানকে কলকাতা বিমানবন্দরে দেখা যায়। তিনি হালকা জিন্স, ধূসর সোয়েটশার্ট এবং কালো পশমী টুপিতে ছিলেন, আর আব্রাম ছিল সম্পূর্ণ কালো রঙের স্পোর্টস লুকে। সল্টলেক স্টেডিয়ামে আজ শাহরুখ খান এবং লিওনেল মেসির মুখোমুখি হওয়ার কথা।
যুবভারতীতে চাঁদের হাট:
অনুষ্ঠান শুরু: সকাল ১০টা থেকেই স্টেডিয়ামে কনসার্ট শুরু হয়ে গিয়েছে, সঙ্গীত পরিবেশন করেন গায়ক অনীক ধর।
ভিড়: স্টেডিয়াম এখন কানায় কানায় পূর্ণ। ডিসেম্বরের সকালের শীতকে উপেক্ষা করেই মেসিকে দেখতে হাজির আমজনতা। কারও পিঠে মেসির মুখ আঁকা ট্যাটু, কারও হাতে আর্জেন্টিনার পতাকা।
বিশেষ অতিথি: মেসির বার্সেলোনা সতীর্থ এবং উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং ফিফা বিশ্বকাপ বিজয়ী রদ্রিগো ডি পলও এই বিশেষ দিনে উপস্থিত।
মেসি অনুরাগীরা তাঁদের প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে টিকিট পিছু ৪,৫০০ টাকা খরচ করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি।