২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে এবার নারী সুরক্ষা এবং সম্মান নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের নজরদারি প্রক্রিয়াকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচনের নামে সাধারণ মেয়েদের ব্যাগ তল্লাশি করতে গিয়ে শালীনতার সীমা লঙ্ঘন করা হচ্ছে। এমনকি অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজকেও হেনস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
কী ঘটেছে কাঞ্চন মল্লিকের স্ত্রীর সাথে? এদিন এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, গতকাল অর্থাৎ শনিবার তল্লাশির নামে কাঞ্চন মল্লিকের স্ত্রীর ওপর চূড়ান্ত হেনস্থা চালানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কী কী আছে, এমনকী মেয়েদের ব্যবহৃত গোপন জিনিস পর্যন্ত টেনে টেনে বের করে অসম্মান করা হয়েছে। লজ্জা লাগে এসব কথা বলতে!” কড়া ভাষায় সমালোচনা: নির্বাচনী বিধি অনুযায়ী শহর ও জেলায় জেলায় যে কড়া নাকা চেকিং চলছে, তার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, সুরক্ষার দোহাই দিয়ে আদতে বাংলার মা-বোনেদের ব্যক্তিগত গোপনীয়তা এবং মর্যাদায় আঘাত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রাজনৈতিক চাপানউতোর: মমতার এই অভিযোগের পর সরব হয়েছেন বিরোধীরাও। বিজেপি নেতৃত্বের দাবি, তল্লাশি প্রক্রিয়ায় কোনো বৈষম্য করা হচ্ছে না এবং নিয়ম মেনেই সব করা হচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নারীদের এই ধরনের হেনস্থা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
নির্বাচনী উত্তাপের মাঝে এই ‘নারী সম্মান’ ইস্যু নতুন কোনো মোড় নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।





