মেধাতালিকায় ১৩১ জনের ভিড়, অথচ নেই তিলোত্তমা! পর্ষদ সভাপতির মন্তব্যে শোরগোল শিক্ষা মহলে

দক্ষিণবঙ্গ না কি উত্তরবঙ্গ? পাশের হারে বরাবরের লড়াইয়ে এবার ইতিহাস বদলে দিল পাহাড়ের জেলা। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দক্ষিণবঙ্গের দীর্ঘদিনের একাধিপত্য চুরমার করে সাফল্যের শীর্ষে জায়গা করে নিয়েছে কালিম্পং। শুক্রবার সকাল সাড়ে নটায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার পরই সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর পাশের হারের নিরিখে ৯৫.১০ শতাংশ নম্বর নিয়ে কালিম্পং জেলা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রতিবার যে পূর্ব মেদিনীপুর তালিকার শীর্ষে থাকে, এবার তারা ৯৪.৮২ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে। ৯২.৩১ শতাংশ পাশের হার নিয়ে কলকাতা তৃতীয় স্থানে থাকলেও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় নজর কেড়েছে শিক্ষা মহলের—প্রথম দশে থাকা ১৩১ জন কৃতি পড়ুয়ার মধ্যে কলকাতার একজনও নেই! কলকাতার স্কুলগুলোতে উন্নত পরিষেবা ও অভিজ্ঞ শিক্ষক থাকা সত্ত্বেও কেন এমন ফলাফল, তা নিয়ে খোদ পর্ষদ সভাপতিও বিস্ময় প্রকাশ করেছেন।

এবারের মাধ্যমিকের মুকুট উঠেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অভিরূপ ভদ্রের মাথায়। সারদা বিদ্যাপীঠের এই ছাত্র ৬৯৮ নম্বর (৯৯.৭১%) পেয়ে রাজ্যে প্রথম হয়েছে। মাত্র দুই নম্বরের ব্যবধানে দ্বিতীয় হয়েছে বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায় (৬৯৬)। তৃতীয় স্থানে রয়েছে তিন জন— নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কন কুমার জানা এবং বাঁকুড়ার মৈনাক মণ্ডল (৬৯৫)।

মেধাতালিকার জেলাভিত্তিক বিন্যাসে দেখা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর থেকে সর্বোচ্চ ২৩ জন প্রথম দশে থাকলেও উত্তর দিনাজপুর ও বাঁকুড়া (১৪ জন করে) এবং দক্ষিণ ২৪ পরগনা (১১ জন) প্রবল টক্কর দিয়েছে। এছাড়া হুগলি ও পুরুলিয়া থেকে ৯ জন করে এবং উত্তর ২৪ পরগনা থেকে ৮ জন কৃতি তালিকায় স্থান পেয়েছেন। ১৩১ জন কৃতি পড়ুয়ার মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী। অন্যদিকে, শৃঙ্খলাভঙ্গের দায়ে ৪৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। এদিনই স্কুলগুলি থেকে মার্কশিট ও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। পড়ুয়ারা www.wbbse.wb.gov.in এবং সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল যাচাই করতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy