মৃতদেহের চোখ ‘উধাও’, বারাসাত মেডিক্যালের মর্গের ভয়ঙ্কর বেহাল দশা প্রকাশ্যে! ১৪টি ফ্রিজারই বিকল

বারাসাত মেডিক্যাল কলেজের মর্গের ভয়ঙ্কর বেহাল দশা প্রকাশ্যে আসায় রাজ্যজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, মর্গে রাখা একটি মৃতদেহের চোখ ‘উধাও’ হয়ে গেছে! মাত্র তিন বছর আগে জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজের তকমা পেলেও, পরিকাঠামোর হাল যে কতটা শোচনীয়, এই ঘটনায় তা স্পষ্ট।
সূত্র মারফত জানা গেছে, বারাসাত মেডিক্যালের মর্গে দেহ সংরক্ষণের জন্য থাকা ১৪টি ফ্রিজারই দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। ফ্রিজারগুলি খারাপ থাকার কারণে মর্গে বেওয়ারিশ মৃতদেহের স্তূপ জমছে। বাধ্য হয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মাটিতে বরফ দিয়ে রাখার মতো অমানবিক কাজ চলছে। ময়নাতদন্তের ঘরে মাত্র দু’টি ট্রলি রয়েছে।
এই পরিস্থিতিতে মৃতদেহের সংরক্ষণে চরম গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মেডিক্যাল কলেজের তকমা পাওয়ার পরেও কেন পরিকাঠামোগত এই বেহাল দশা, তা নিয়ে স্বাস্থ্য দফতর চরম প্রশ্নের মুখে।