মুসলিম নারীর ভরণপোষণের অধিকার! প্রাক্তন স্বামীকে প্রতিমাসে ৭ হাজার টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

মুসলিম নারীর ভরণপোষণ বা খোরপোষের অধিকার রয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে পটনা হাইকোর্ট। একটি মামলার শুনানিতে বিচারপতি জিতেন্দ্র কুমারের সিঙ্গল বেঞ্চ প্রাক্তন স্বামীকে তার প্রাক্তন স্ত্রীকে প্রতিমাসে ৭ হাজার টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ওই মহিলা তার বিয়ের পর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন এবং গার্হস্থ্য সহিংসতার কারণে বাধ্য হয়ে বাবার বাড়িতে ফিরে যান। ২০১৩ সালে তাদের ইসলামিক রীতি অনুযায়ী বিবাহবিচ্ছেদ হয়। যেহেতু বিচ্ছেদটি ‘পারস্পরিক সম্মতিতে’ হয়েছিল, তাই প্রাক্তন স্বামী খোরপোষ দিতে অস্বীকার করেন।

এরপর মহিলা আদালতের দ্বারস্থ হন। তার প্রাক্তন স্বামী যুক্তি দেন যে, তিনি ১ লক্ষ টাকা খোরপোষ হিসেবে দিয়েছেন এবং তার আর কোনো দায় নেই।

বিচারপতি এই যুক্তি খারিজ করে দেন এবং বলেন যে, পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীর ভরণপোষণের অধিকার রয়েছে। কারণ ওই মহিলা পুনরায় বিবাহ করেননি এবং তার প্রাক্তন স্বামী তার ভবিষ্যতের জন্য কোনো ব্যবস্থা করে দেননি।

যদিও মহিলা প্রতিমাসে ১৫ হাজার টাকা খোরপোষ চেয়েছিলেন, আদালত সব দিক বিবেচনা করে প্রতিমাসে ৭ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায়টি শাহবানো মামলার রায়ের মতোই মুসলিম নারীদের খোরপোষের অধিকারকে জোরদার করল।