মুম্বই থেকে ফেরার পথে সব শেষ! রেললাইনের ধারে মিলল বাংলার শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ, ঘনীভূত রহস্য

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক। মুম্বই থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হলো উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের যুবক আলফাজ মণ্ডলের (২৪)। বুধবার তাঁর ক্ষতবিক্ষত দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। পরিবারের দাবি, এটি সাধারণ দুর্ঘটনা নয়, বরং আলফাজকে খুন করে রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে।

মৃতের পরিবার সূত্রে খবর, স্বরূপনগর থানার বালতি মাঝেরপাড়ার বাসিন্দা আলফাজ গত কয়েক বছর ধরে মুম্বই মেট্রোর কাজ করতেন। সোমবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেছিলেন তিনি। কিন্তু মাঝপথেই তিনি নিখোঁজ হয়ে যান। পরে রেললাইনের ধার থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে এটিকে ‘ট্রেন দুর্ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু তা মানতে নারাজ নিহতের পরিবার ও গ্রামবাসীরা।

পরিবারের সদস্যদের প্রশ্ন, বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠা এক সুস্থ যুবক কীভাবে হঠাৎ নিখোঁজ হয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন? কোনো পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। এর আগে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, এবার স্বরূপনগরের এই ঘটনা নতুন করে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আলফাজের পরিবার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy