দীপাবলির আনন্দ শুরু হওয়ার আগেই মর্মান্তিক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার নাড়াজোল গ্রামে। উৎসবের আলো জ্বালানোর প্রস্তুতি চলাকালীন টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন স্থানীয় যুবক পাপাই দাস (২৭)। এই ঘটনায় আনন্দের দিনই নাড়াজোল গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ক্লাবের কালীপুজোর কাজ সেরে পাপাই নিজের বাড়িতে ফেরেন। দীপাবলির আলোয় বাড়ি সাজাতে তিনি বাড়ির চারপাশে টুনি ল্যাম্প ঝুলাচ্ছিলেন। সেই সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগতেই তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথায় আকাশ ভাঙা
মৃত যুবক পাপাই দাস ছিলেন অরুণ দাসের পুত্র। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের পিতা ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানা যায়, তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আরও এক নতুন সন্তানের অপেক্ষায় যখন পুরো পরিবার দিন গুনছিল, তখনই এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার।
গ্রামবাসীরা জানিয়েছেন, পাপাই ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সহৃদয় মানুষ। এলাকার যে কোনও প্রয়োজনে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে সমগ্র নাড়াজোল গ্রাম বাকরুদ্ধ। আলোর উৎসবের রাতে নাড়াজোলে এখন শুধু একটাই প্রশ্ন— “কেন এমন হল?”