মুখ্যমন্ত্রী হওয়া কি তবে স্বপ্নই? রাজ্যপালের কঠিন প্রশ্নের মুখে নাজেহাল সুপারস্টার বিজয়!

রুপোলি পর্দার ‘থালাপতি’র রাজনৈতিক সফর কি শুরুতেই বড়সড় ধাক্কার মুখে? তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে তাক লাগিয়ে দিলেও, সরকার গড়ার পথে বড়সড় বাধার মুখে পড়েছেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। গতকালের পর আজ, বৃহস্পতিবারও রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজয়ের দল ‘তামিলনাড়ু ভেক্ট্রি কাজাগাম’ (TVK)-এর প্রধান। কিন্তু আজও তাঁকে খালি হাতেই ফিরতে হয়েছে রাজভবন থেকে। শপথ নেওয়া তো দূর, রাজ্যপালের একের পর এক কঠিন প্রশ্নের মুখে কার্যত কোণঠাসা বিজয়।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, বিজয়ের দল ১০৮টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেসের সমর্থন পাওয়ার পর সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১৩-তে। কিন্তু তামিলনাড়ুর মসনদে বসার জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। অর্থাৎ, ম্যাজিক ফিগার থেকে এখনও ৫ পা পিছিয়ে রয়েছেন বিজয়। আজ লোক ভবনে তলব করে রাজ্যপাল বিজয়কে সরাসরি প্রশ্ন করেন, “মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে আপনি কীভাবে সরকার চালাবেন?”

সূত্রের খবর, এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, রাজ্যপাল বিজয়কে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এবং জোটসঙ্গীদের নিয়ে একাধিক প্রশ্ন করেন। বিজয় রাজ্যপালকে সাফ জানিয়েছেন যে, তিনি বিধানসভায় ‘আস্থা পরীক্ষা’ বা ফ্লোর টেস্ট দিতে প্রস্তুত। তিনি সিপিএম এবং আরও কিছু আঞ্চলিক দলের কাছে সমর্থনের আবেদন জানিয়েছেন। তবে রাজ্যপাল আরভি আরলেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত বিজয় ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন দেখাতে পারছেন, ততক্ষণ তাঁকে সরকার গঠনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

এদিকে তামিল রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে এআইএডিএমকে-কে (AIADMK) ঘিরে। শোনা যাচ্ছে, ওই দলের একাংশ বিজয়কে সমর্থন করতে ইচ্ছুক। আর এই ‘ভাঙন’ রুখতেই এআইএডিএমকে নেতৃত্ব তাঁদের নব-নির্বাচিত বিধায়কদের তড়িঘড়ি একটি গোপন হোটেলে সরিয়ে নিয়ে গিয়েছেন। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের মধ্যে কোনও ভাঙন ধরেনি এবং তাঁরা বিজয়ের দলকে সমর্থন করছেন না। এই টানাপোড়েনের মধ্যে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ঝুলে রইল স্রেফ ৫টি আসনের সমীকরণে। এখন দেখার, বিজয় কি পারবেন শেষ মুহূর্তে আরও ৫ জন বিধায়ককে নিজের পক্ষে আনতে, নাকি তামিলনাড়ু দেখবে নতুন কোনও রাজনৈতিক নাটক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy