মুখ্যমন্ত্রী যোগীকে খুনের হুমকি, পুলিশকেও টার্গেট করে গুলি, উত্তরপ্রদেশে যুবককে ঘিরে চাঞ্চল্য

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করেও শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা জেলার নাগলা হরদয়াল গ্রামে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সুনীত ওরফে গাথুয়া। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর কাকার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল। এই সমস্যার সমাধানের জন্য তিনি লখনউয়ে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। সেই ক্ষোভ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ যখন তাঁর বাড়ির সামনে পৌঁছায়, তখন সুনীত খালি গায়ে ছাদে উঠে আসে এবং হাতে বন্দুক উঁচিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর হুমকি দেয়। পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও সে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং বন্দুকটি বাজেয়াপ্ত করে।

পুলিশ আধিকারিক সুরেশ চন্দ্র জানান, অভিযুক্ত যুবক মাদকাসক্ত। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

জমি বিবাদকে কেন্দ্র করে আরও এক মর্মান্তিক ঘটনা
গত মাসেই মহারাষ্ট্রের লাতুরে জমি বিবাদকে কেন্দ্র করে একটি নৃশংস ঘটনা ঘটেছিল। ৪৫ বছর বয়সী ছেলে বাবান ঘুতে তাঁর ৭০ বছর বয়সী মা লক্ষ্মীবতী ঘুগেকে খুন করে মাটিতে পুঁতে ফেলে। এরপর নিজেই বাড়ির পাশের একটি গাছে ঝুলে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা ওই জমি বিক্রি করতে রাজি না হওয়ায় মা-ছেলের মধ্যে প্রায়ই বিবাদ হতো। ঘটনার দিনও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর হঠাৎ করেই লক্ষ্মীবতী নিখোঁজ হয়ে যান। গ্রামবাসীরা তার খোঁজ করতে গিয়ে আখ ক্ষেতে নতুন করে মাটি নষ্ট হওয়ার দাগ দেখতে পায়। সন্দেহ হলে মাটি খুঁড়তেই লক্ষ্মীবতীর দেহ উদ্ধার হয়। কিছুক্ষণের মধ্যেই বাবানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মা-কে খুন করার পর অনুশোচনা, গ্রেফতার হওয়ার ভয় অথবা মানসিক হতাশা থেকে বাবান আত্মহত্যা করেছেন।