মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মহালয়াতেই শারদোৎসবের সূচনা, এক হাজারেরও বেশি পুজোর উদ্বোধন

প্রতি বছরের মতো এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার উদ্বোধন শুরু করবেন মহালয়ার ঠিক আগের দিন থেকেই। রাজ্যজুড়ে দুর্গাপূজার প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে। কলকাতা ও জেলার একাধিক পুজো উদ্যোক্তারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এই আবহেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এবার প্রায় এক হাজারেরও বেশি পুজোর উদ্বোধন করবেন।

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী এবার দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো দিয়ে শারদোৎসবের সূচনা করবেন। যদিও সেদিন প্রতিমার উদ্বোধন না করে, মহালয়া থেকেই ফুল নিবেদন করে প্রতিমার মুখ উন্মোচন করবেন তিনি। গত কয়েক বছর ধরে টানা তিনদিন ধরে ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোর উদ্বোধন হয়ে আসছে, এবারও সেই ধারা বজায় থাকবে। নবান্নে এই মুহূর্তে কোন কোন পুজোর উদ্বোধন করা হবে, তার তালিকা তৈরির কাজ চলছে।

চেতলা অগ্রণীতে বিশেষ চক্ষুদান ও ভার্চুয়াল উদ্বোধনের সূচনা
এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে মহালয়ার দিন শাসকদলের উৎসব সংখ্যার সূচনা ছাড়াও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিমের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওই দিন থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোগুলোর উদ্বোধনের কাজ শুরু করবেন। জানা গেছে, ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী পুজোর প্যান্ডেলে মুখ্যমন্ত্রী দেবী দুর্গার চক্ষুদান করবেন, এবং সেখান থেকেই শুরু হবে ভার্চুয়াল উদ্বোধনের প্রক্রিয়া।

এই উদ্যোগে জেলার পুজো উদ্যোক্তাদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করায় জেলার পুজোও অনেক কদর পায়। একই সঙ্গে, এর ফলে কলকাতার পুজোর সঙ্গে পাল্লা দিতে জেলার শিল্পীরাও উৎসাহিত হন।