মুখ্যমন্ত্রী নন, রাজ্যপালই থাকবেন আচার্য! রাষ্ট্রপতি ভবনের ‘মেগা’ সিদ্ধান্তে বড় ধাক্কা খেল নবান্ন

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনে ইতি টানলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীকে আচার্য করার কোনও প্রয়োজনীয়তা নেই। রাজ্যপালের দাবি, রাষ্ট্রপতি ইতিমধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত রাজ্যের ক্ষেত্রেই কার্যকর হবে।

সিভি আনন্দ বোস জানান, রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলটি সাংবিধানিক কারণেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতি স্পষ্ট করে দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে রাজ্যপালই পদাধিকারবলে আচার্য থাকবেন। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের শিক্ষা নীতির উল্লেখ করে তিনি বলেন, সরকার অর্থ সাহায্য করলেও বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করতে পারে না। আচার্য পদে মুখ্যমন্ত্রী বসলে প্রশাসনিক ও রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে, যা উচ্চশিক্ষার পরিবেশ নষ্ট করবে। ক্যাম্পাসগুলোতে হিংসা ও দুর্নীতি রুখতে কড়া আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপরও জোর দিয়েছেন তিনি। এই ঘোষণার পর নবান্ন ও রাজভবনের লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy