মুখ্যমন্ত্রীর সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি, ফের ফোন এল দিল্লির মেডিক্যাল কলেজে

মঙ্গলবার দুপুরে আচমকাই আতঙ্কে কেঁপে ওঠে দেশের রাজধানী দিল্লি। সরাসরি মুখ্যমন্ত্রীর সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল আসে। ইমেলে বলা হয়, ‘আজ, দুপুর সাড়ে ৩টেয় এই বিস্ফোরণ হবে, সচিবালয় গুঁড়িয়ে যাবে।’ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড।

ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, তা জানতে সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই হুমকির পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রয়োজনীয় আগাম সতর্কতা জারি করা হয়েছে।

একই দিনে বোমাতঙ্ক আরও এক জায়গায়
একই দিনে আরও একটি বোমার হুমকি এসেছে দিল্লিতে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বেলা ১২টা নাগাদ দিল্লির মৌলানা আজ়াদ মেডিক্যাল কলেজে একটি ফোন আসে, যেখানে বোমার হুমকি দেওয়া হয়। খবর পেয়েই একাধিক দমকলের গাড়ি এসে পৌঁছয় মেডিক্যাল কলেজে। উভয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।