আগামী ২৩ এপ্রিল বঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার ঠিক এক মাস আগে মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) থেকেই রাজ্যজুড়ে হাইভোল্টেজ প্রচার শুরু করতে চলেছে ঘাসফুল শিবির। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ‘টুইন ক্যাম্পেইন’ বা সমান্তরাল প্রচারের মাধ্যমে রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছানোর রণকৌশল নিয়েছেন। একদিকে উত্তরবঙ্গ থেকে প্রচারের সুর বাঁধছেন মমতা, অন্যদিকে দক্ষিণবঙ্গের দুর্গ সামলাতে ময়দানে নামছেন অভিষেক।
সূত্রের খবর, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির গড় হিসেবে পরিচিত আলিপুরদুয়ার থেকে তাঁর প্রচার অভিযান শুরু করবেন। একই দিনে তিনি জলপাইগুড়ি ও শিলিগুড়িতেও জনসভা করতে পারেন। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের খাসতালুক দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচারের ডঙ্কা বাজাবেন। আগামী ২৫ মার্চ তাঁর নন্দীগ্রামে যাওয়ার কথা রয়েছে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গত রবিবার ভবানীপুরের কর্মীসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের ‘আত্মতুষ্টি’ ত্যাগ করে লড়াই করার বার্তা দিয়েছেন। সোমবার এসআইআর (SIR) সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর যে সমস্ত মানুষের নাম বাদ যাবে, তাঁদের আইনি ও আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের ৫০ জন আধিকারিককে সরিয়ে দেওয়ায় ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুলে কেন্দ্রের ওপর আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। ‘মিশন দিল্লি’র ডাক দিয়ে তিনি স্পষ্ট করেছেন, বাংলার লড়াই জিতেই তিনি দিল্লির মসনদ দখলের পথে হাঁটবেন।