মিমিকে কেন ইডির নোটিস? ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কীসের ইঙ্গিত দিলেন তিনি?

অনলাইন বেটিং অ্যাপ ‘১এক্সবেট’ সংক্রান্ত মামলায় অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার দিল্লিতে ইডি-র অফিসে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

কুণালের পোস্ট:

মিমিকে ইডি-র নোটিস পাঠানো নিয়ে কুণাল ঘোষ সরাসরি কিছু বলতে চাননি। তবে তিনি লিখেছেন, “মিমিকে ইডির নোটিস। আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই।” এরপরই তিনি কটাক্ষ করে বলেন, “তবে ‘রক্তবীজ ২’ ছবির প্রোমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ।”

কুণাল আরও লেখেন, “শিবুরা তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।”

রাজনৈতিক বিতর্ক:

২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন মিমি। কিন্তু চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি রাজনীতি থেকে সরে আসার ঘোষণা করেন। ওই সময় তিনি তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে রাজনীতি তার জন্য নয়। তখন কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন, লোকসভার মেয়াদ শেষে কেউ ইস্তফা দিলে তা তার ব্যক্তিগত বিষয়।

এর আগে গত মার্চ মাসেও কুণাল ঘোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মিমির ফিনল্যান্ডে চা খাওয়ার ছবি পোস্ট করে লিখেছিলেন যে, পর্দায় মিমিকে তার দারুণ লাগে, তবে দলের প্রাক্তন সাংসদের সঙ্গে তার কোনো আলাপ নেই। মিমির ইডি-র নোটিস পাওয়ার পর কুণালের এই নতুন পোস্ট দুই নেতার মধ্যেকার সম্পর্কের তিক্ততাকে ইঙ্গিত করছে বলে মনে করছেন অনেকে।