হাইভোল্টেজ প্রচার শেষ। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে অসম, কেরল এবং পুদুচেরির বিধানসভা নির্বাচন। একইসঙ্গে কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় বিধানসভার উপ-নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। তবে আইনি জটিলতায় বাতিল হয়েছে গোয়ার পোন্ডা কেন্দ্রের উপ-নির্বাচন।
অসমে কি এবার হ্যাটট্রিক?
উত্তর-পূর্ব ভারতের সবথেকে বড় রাজ্য অসমে ১২৬টি আসনে ভোটগ্রহণ চলছে। লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজের চেনা জমি জালুকবাড়ি থেকে লড়ছেন টানা সপ্তমবার জয়ের লক্ষ্যে। অন্যদিকে, কংগ্রেসের ব্যাটন সামলাচ্ছেন গৌরব গগৈ। দিসপুর কেন্দ্রে নজর থাকবে দলবদলু প্রদ্যুৎ বরদলৈয়ের দিকেও। আড়াই কোটি ভোটারের রায় ঠিক করবে বিজেপি কি টানা তিনবার সরকার গড়ে ইতিহাস গড়বে?
কেরলে বাম-দুর্গ রক্ষার লড়াই
১৪০ আসনের কেরলে লড়াই এলডিএফ বনাম ইউডিএফ। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন টানা তৃতীয়বার জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও সমীক্ষায় এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী যেমন প্রচারে ঝড় তুলেছেন, তেমনই তিরুঅনন্তপুরম পুরসভা জয়ের পর বাড়তি অক্সিজেন নিয়ে ঝাঁপিয়েছে বিজেপিও।
পুদুচেরিতে ৩০টি আসনে মুখ্যমন্ত্রী এন রাগাস্বামী-সহ ২৯৪ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজই। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি কেন্দ্র। প্রসঙ্গত, এরপর ২৩ এপ্রিল ভোট হবে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের প্রথম দফায়।





